নিউজটি শেয়ার করুন

আনোয়ারায় মেরামতের তিন মাসের মাথায় বেড়িবাঁধে আবারো ভাঙ্গন

আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলার পূর্ব বারখাইন ভরাপুকুর পাড় এলাকার দক্ষিণে শঙ্খ নদীর তীরে নির্মিত বেড়িবাঁধের ভাঙ্গা অংশ মেরামতের তিন মাস না যেতেই আবারো ভেঙ্গে গেছে। এতে জোয়ারের পানি উঠানামা করছে প্রতিদিন। ফলে হুমকির মুখে পড়েছে চাষাবাদ।

পূর্ব বারখাইন এলাকার শত শত কৃষক এখন চাষাবাদ নিয়ে দুশ্চিন্তায়। এ ছাড়া জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে মানুষের বাড়িঘর, রাস্তাঘাট, পুকুর ও মাছের ঘের। এতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে এলাকার জনসাধারণ।

জানা যায়, গত এপ্রিল মাসে শঙ্খ নদীর তীরবর্তী পূর্ব বারখাইন এলাকার বেড়িবাঁধে ভাঙ্গন দেখা দিলে স্থানীয় সাংসদের নিজস্ব তহবিল থেকে বেড়িবাঁধের ভাঙ্গা অংশ মেরামতের জন্য তিন লক্ষ টাকা বরাদ্ধ দেয়া হয়।

বারখাইন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম বেড়িবাঁধের এই ভাঙ্গা অংশের মেরামতের কাজ করেন। কিন্তু তিন মাস না যেতেই একই স্থানে বেড়িবাঁধ ফের ভেঙ্গে যায়। নিম্নমানের কাজ হওয়ায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে এলকাবাসী অভিযোগ করেছেন।

গত কয়েক দিনের টানা বৃষ্টি ও শঙ্খ নদে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় বেড়িবাঁধের ভাঙ্গা অংশ দিয়ে পানি ঢুকে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। প্রতিদিন জোয়ারের পানি উঠানামা করায় শঙ্খায় রয়েছেন কৃষকরা। বর্তমান আউশ চাষাবাদ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। এভাবে বেড়িবাঁধের ভাঙ্গা অংশ দিয়ে জোয়ারের পানি উঠানামা করতে থাকলে আগামী আউশ মৌসুমের চাষাবাদ আদৌ করতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন এলাকাবাসী।

দ্রুততম সময়ের মধ্যে বেড়িবাঁধের ভাঙ্গা অংশ মেরামত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা আমীর হোসেন বলেন, বেড়িবাঁধের ভাঙ্গা অংশটি মেরামত করেছে তিনমাসও হয়নি। এর মধ্যে আবার ভেঙ্গে গেছে। এখন আমারা প্রতিদিন জোয়ার ভাটায় ভাসছি। বেড়িবাঁধ এলাকার বসবাসরত নারী হামিদা আকতার বলেন, বেড়িবাঁধের ভাঙ্গা অংশ দিয়ে জোয়ারের পানি আমাদের ঘরের মধ্যে ঢুকে পড়ে। ঠিকমত রান্নাবান্না ও চলাফেরা করতে পারিনা।

বারখাইন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, তিন লাখ টাকা দিয়ে এর চেয়ে আর ভাল কাজ কীভাবে করা হয় আমার জানা নাই। আমি আমার সাধ্যমত চেষ্টা করে কাজটি করেছি। টানা বৃষ্টির কারণে বেড়িবাঁধ ভেঙ্গে গেছে। এখানে চিহ্নিত একটি গোষ্ঠী আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here