Site icon CPLUSBD.COM

আনোয়ারায় রামকৃষ্ণ মিশনের পূজামন্ডপ পরিদর্শনে পুলিশ সুপার রশিদুল হক

পূজামন্ডপ পরিদর্শনে পুলিশ সুপার রশিদুল হক

ছবি: সংগৃহীত

আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেছেন, হিন্দু ধর্মাবলম্বীদের এদেশে অনিরাপদ ভাবার কোনো কারণ নেই। বাংলাদেশ সকলের দেশ। এদেশে আমরা সবাই মাথা উঁচু করে বাঁচব। শুধু পুজোর সময় নয়, আপনাদেরকে আমরা  সারা বছরই নিরাপত্তা দেব’।

মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে আনোয়ারা সদরের রামকৃষ্ণ মিশনে শারদীয় দুর্গা পূজামন্ডপ পরিদর্শন ও রজতজয়ন্তী উপলক্ষ্যে প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিশ্বব্যাপী বিভিন্ন ধর্মের যেসব মিশন আছে, সব মিশনই জনকল্যানে  কাজ করে। এই মিশনেও জনকল্যাণমূলক অনেক কাজ করা হয়।  মানুষকে কাম, ক্রোধ, লোভ, লালসার উর্ধ্বে উঠে মানবকল্যানে কাজ করতে হবে।

শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রমের সহ সভাপতি তাপস হোড়ের সভাপতিত্বে রজতজয়ন্তী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার, এস এন্ড ডি ফাউন্ডেশনের চেয়ারম্যান দিলীপ কুমার মজুমদার, চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি নারায়ন চৌধুরী, প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল কুমার পালিত, বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও আনোয়ারা সদর চেয়ারম্যান অসীম কুমার দেব, আনোয়ারা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুগ্রিব মজুমদার দোলন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক উমা শংকর রায়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নিউটন সরকার, চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক কল্লোল সেন, রামকৃষ্ণ সারদা সেবাশ্রমের সাধারণ সম্পাদক আনন্দ মোহন চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পুলিশ সুপারসহ অতিথিরা মিশনের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে প্রকাশিত বই ‘অর্ঘ্য’র মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠান শেষে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার রামকৃষ্ণ মিশনের বিভিন্ন কার্যক্রম ও পূজামন্ডপ ঘুরে দেখেন।