আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় টানা ৪১ দিন পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে আদায় করে পুরস্কার হিসেবে সাইকেল পেলেন ৭ কিশোর।
শিশু কিশোরদের নামাজে আকৃষ্ট করতে এমনই এক ভিন্ন আয়োজন করেন উপজেলার বারখাইন ইউনিয়নের শিলাইগড়া ঝি.বা.শি হযরত আবু বক্কর ছিদ্দিক (রাঃ) জামে মসজিদ পরিচালনা কমিটি।
শুক্রবার (২০ আগষ্ট) জুমার নামাজ শেষে বিজয়ী ৭ জনকে একটি করে বাইসাইকেল ও জায়নামাজ এবং আরও ১৩ জন শিশু কিশোরকে একটি করে টেবিল ফ্যান ও জায়নামাজ বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণকালে মসজিদ পরিচালনা কমিটির সদস্য ও উদ্যোগের সমন্বয়ক মুহাম্মদ হাফিজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক মুহাম্মদ নুরুল হুদা মনসুরী (এফসিএ)।
মুহাম্মদ আলমের পরিচালনায় উদ্বোধক ছিলেন মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ মফিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন ঝি.বা.শি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আবু জাহের চৌধুরী, ব্যাংকার মুহাম্মদ সিরাজুল ইসলাম ও আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম. আনোয়ারুল হক প্রমূখ।
সমন্বয়ক মুহাম্মদ হাফিজ উদ্দিন বলেন, এলাকার শিশু-কিশোরদের নামাজে উদ্বুদ্ধ করা ও মাদকমুক্ত সমাজ করার লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় ১২ থেকে ২০ বছর বয়সী ২০ কিশোর অংশগ্রহণ করেন। যারা একবছর এভাবে জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে তাদের মধ্যে প্রতি বছর একজনকে বিনাখরচে ওমরা হজ্ব পালন করানো হবে৷

