Site icon CPLUSBD.COM

আনোয়ারা এখন ইয়াবার নিরাপদ রুট: নিস্ক্রিয় পুলিশ, র‍্যাবের হাতেই আটক হচ্ছে বড় বড় চালান

আনোয়ারা প্রতিনিধি: পুলিশের নিস্ক্রিয়তায় আনোয়ারা উপকূল এখন ইয়াবা চালানের নিরাপদ পথ। এলাকায় অনেকেই ইয়াবা বেচাকেনার সাথে জড়িয়ে বিত্তবান হয়েছেন।

এ সিন্ডিকেট এখন অনেক বড় হয়ে অনেকটাই ধরাছোঁয়ার বাইরে।

বারবার জিরো টলারেন্সের দাবি করলেও গত ৭ জানুয়ারি ইয়াবার বড় একটি চালান পুলিশের হাত ফসকে বেরিয়ে যায়।এরপরই র্যাবের হাতে দফায় দফায় উদ্ধার হতে থাকে ইয়াবার ছোট বড় চালান।

মায়ানমার থেকে সাগরপথে সরাসরি ইয়াবা আসার অভয়ারণ্য এখন আনোয়ারা।

নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেছেন, ইয়াবা সিন্ডিকেট এখন অনেক বড় ও অনেক সংগঠিত। আনোয়ারা এখন সরাসরি রুট। আনোয়ারার ঘাটে আসার সেই ইয়াবা পৌঁছে যায় দেশের বিভিন্ন অঞ্চলে। একটু খবরেই জানা যায় ইয়াবা ব্যবসা করেই অনেকে গরীব থেকে বিত্তশালী বনে গেছেন আনোয়ারায়। এতোসব ঘটনায় পুলিশ নিরব থাকলেও র্যাবের অভিযানে একের পর এক ইয়াবার চালানসহ মাদক ব্যবসায়ীদেরকে আটক করে যাচ্ছে র্যাব।

আনোয়ারায় ফেব্রুয়ারী মাসে ইয়াবা উদ্ধার: গত ফেব্রুয়ারি আনোয়ারা রায়পুর ইউনিয়নের গহিরা দোভাষী বাজার থেকে ১লাখ ৩০ হাজার পিস ইয়াবা নিয়ে মো. আলাউদ্দীনকে (২৭), ২ ফেব্রুয়ারি উপজেলার বটতলী ইউনিয়নে নুরপাড়া এলাকায় চিহ্নিত ডাকাত জামালের ঘর থেকে অস্ত্র ও চোলাইমদ নিয়ে জামালের স্ত্রীসহ চারজনকে আটক এবং তৈলারদ্বীপ সরকার হাট বাজার থেকে ১৮ হাজার ৮শত ৩০পিস ইয়াবা নিয়ে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র্যাব-৭।

এর আগে চলতি বছরের ৭ জানুয়ারি বৃহস্পতিবার পারকি এলাকায় তিনমুখী খালে ইয়াবার বড় একটি চালানের খালাসের ঘটনা ঘটে। এই ঘটনার থানা পুলিশ তথ্য পেয়ে অভিযানে গেলেও এই চালানটি জব্দ করতে ব্যর্থ হয়।

একের পর এক ইয়াবার বড় চালান র্যাবের হাতে জব্দ হলেও পুলিশের ভূমিকা নিরব।

আনোয়ারা জোনের এএসপি হুমায়ুন কবির বলেন, আমি আসার পর থেকে বিষয়টি অনুধাবন করছি। এই বিষয়ে পুলিশ প্রশাসনকে আরো তৎপর করা হবে।