কুমিরাস্থ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে আবাসিক হলের শিক্ষার্থীদেরকে রাত ৯ টার মধ্যে আবাসিক হলগুলো ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের শরীয়াহ অনুষদের ডিন ড.মোঃ নাজমুল হক নদভী সিপ্লাসকে বলেন, কয়েকদিন ধরে দুইটি গ্রুপের মধ্যে কিছুটা উত্তেজনা বিরাজ করায় বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে বিশ্ববিদ্যালয় নোটিশের মাধ্যমে আবারো খুলে দেওয়া হবে।
ঘটনার সুত্রপাতঃ
সোমবার সীতাকুণ্ডের কুমিরাস্থ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) তে আদনান নামের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় দোষীদের বিচারের দাবীতে বুধবার সকাল ১১ টায় শিক্ষক ও শিক্ষার্থীদের একাংশ বিশ্ববিদ্যালয়ের সামনে মানববন্ধন করেন। পরে দুপুর পৌনে ১ টার দিকে আদনানের উপর হামলাকারীদের বিচারের দাবীতে সেন্ট্রাল লাইব্রেরীর সামনে থেকে ভিসির নিকট স্মারকলিপি দেওয়ার জন্য রওয়ানা হলে আরেক গ্রুপ তাদের উপর হামলা চালায় বলে জানা যায়।
এরপর ক্যাম্পাসের পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুই গ্রুপকে সরিয়ে দেয়। পরে ব্যাপক পুলিশী নিরাপত্তা জোরদার করা হয়। বিকালে ক্যাম্পাসে আসেন এএসপি (সীতাকুণ্ড সার্কেল) শম্পা রানী সাহা, ওসি মোঃ ফিরোজ হোসেন মোল্লা, ওসি (তদন্ত) শামীম শেখ, ইন্টেলিজেন্ট সুমন বনিক। এরপর বিকালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জরুরী সভা ডাকেন। পরে ক্যাম্পাসে যেকোন ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয় অনদিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন।

