সিপ্লাস ডেস্ক: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আফগানিস্তানের ওপর আরোপিত বিভিন্ন নিষেধাজ্ঞা অবসানে বিশ্ব নেতাদের জোর তাগিদ দিয়েছেন ।
বুধবার জি২০ গ্রুপের পররাষ্ট্রমন্ত্রীদের এক ভার্চুয়াল বৈঠকে এ আহ্বান জানান তিনি। খবর রয়টার্সের।
চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগানিস্তানের ওপর আরোপিত বিভিন্ন একক নিষেধাজ্ঞা এবং বিধিনিষেধের যত দ্রুত সম্ভব অবসান ঘটাতে হবে।
গত ১৫ আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর যুক্তরাষ্ট্রে থাকা আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ জব্দ করে ওয়াশিংটন। এছাড়া আরও কয়েকটি আন্তর্জাতিক সংস্থাও দেশটির অর্থ আটক করেছে।
ওয়াং ই বলেন, আফগানিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দেশটির সম্পদ আর সেগুলো দেশটির জনগণের জন্য ব্যবহার হতে দেওয়া উচিত। এগুলো কোনোভাবেই আফগানিস্তানের ওপর রাজনৈতিক চাপ প্রয়োগের হাতিয়ার হতে দেওয়া উচিত হবে না।
এদিকে চীন, রাশিয়া ও পাকিস্তান ঐক্যবদ্ধভাবে তালেবান সরকারের সঙ্গে যোগাযোগ রাখার কথা জানিয়েছে।
সম্প্রতি এই দেশগুলোর তিনজন বিশেষ দূত কাবুল সফর করেন। সেখানে তারা তালেবানের প্রতিনিধি ছাড়াও দেশটির সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই ও শান্তি প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়া আবদুল্লাহ আবদুল্লাহর সঙ্গেও বৈঠক করেন।
ভারতের এএনআই নিউজের খবরে বলা হয়েছে, এই বৈঠক শেষে চীন, রাশিয়া ও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় পৃথক বিবৃতিতে জানিয়েছে, তালেবান সরকারের সঙ্গে তারা সর্বদা যোগাযোগ রাখার বিষয়ে ঐক্যমতে পৌঁছেছেন।
বুধবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আফগানিস্তানে শান্তি ও সমৃদ্ধির স্বার্থে তালেবানের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করার বিষয়ে তারা একটি চুক্তিতে পৌঁছেছেন।








