সিপ্লাস ডেস্ক: ১১২ রানের দায়িত্বশীল ইনিংস খেলেও পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েরকে জয় এনে দিতে পারলেন সাবেক অধিনায়ক ব্রেন্ডন টেইলর। তার সেঞ্চুরি বিফল করে গতকাল সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানকে ২৬ রানের জয় এনে দিলেন দুই পেসার শাহিন শাহ আফ্রিদি ও ওয়াহাব রিয়াজ। আফ্রিদি ৫টি ও রিয়াজ ৪ উইকেট নেন। তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক পাকিস্তান।
করোনার পর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়েই দেশের মাটিতে ক্রিকেট ফেরায় পাকিস্তান। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে আবিদ আলি ২১ ও অধিনায়ক বাবর আজম ১৯ রান করে ফিরলেও ইমাম উল হক ও হারিস সোহেল জোড়া হাফ-সেঞ্চুরি তুলে নেন। ইমাম ৭৫ বলে ৫৮ ও সোহেল ৮২ বলে ৭১ রান করে ফিরেন। ইনিংসের শেষ দিকে, ফাহিম আশরাফের ১৬ বলে ২৩ ও ইমাদ ওয়াসিমের ২৬ বলে অপরাজিত ৩৪ রানে বড় সংগ্রহ পায় পাকিস্তান। ৫০ ওভারে ৮ উইকেটে ২৮১ রান করে পাকিস্তান। জিম্বাবুয়ের ব্রেসিং মুজারাবানি ও টেন্ডাই চিসোরো ২টি করে উইকেট নেন।
২৮২ রানের জবাব দিতে নেমে ২৮ রানে ২ উইকেট হারায় জিম্বাবুয়ে। এরপর তৃতীয় উইকেটে ৭১ রান যোগ করে দলকে খেলায় ফেরার পথ দেখান ক্রিস আরভিন ও টেইলর। ৪১ রান করে আরভিন ফিরেন। পাঁচ নম্বরে নামা সিন উইলিয়ামসও ৪ রানের বেশি করতে পারেননি। ফলে ১১৫ রানে ৪ উইকেট হারায় জিম্বাবুয়ে। এ অবস্থা থেকে জুটি বেঁধে দলকে বিপদমুক্ত করেন টেইলর ও ওয়েসলে মাধভেরে। জুটি বড়ার করার পথে ৪৪তম ওভারে ওয়ানডে ক্যারিয়ারের ১১তম ও পাকিস্তানের বিপক্ষে প্রথম সেঞ্চুরির স্বাদ নেন টেইলর।
জয়ের জন্য ৬ উইকেট হাতে নিয়ে শেষ ৩৬ ওভারে ৫৯ রান দরকার ছিল জিম্বাবুয়ের। টেইলরের সেঞ্চুরির পর ৪৬তম ওভারে মাধভেরের সাথে গড়ের উঠা দারুন জুটিটি ভাঙ্গেন পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজ। ৭টি চারে ৬১ বলে ৫৫ রান করা মাধভেরেকে শিকার করেন রিয়াজ। পঞ্চম উইকেটে ১১৯ রানের জুটি গড়েন তারা। ৪৭তম ওভারে টেইলরকে বিদায় দিয়ে পাকিস্তানের জয়ের পথ সহজ করে ফেলেন আরেক পেসার শাহিন শাহ আফ্রিদি। ১১৭ বলে ১১টি চার ও ৩টি ছক্কায় ১১২ রান করেন টেইলর।
টেইলরের আউটের পর বাকী ৪ উইকেটে মাত্র ১৫ রান যোগ করে ম্যাচ হারে জিম্বাবুয়ে। ৪৯ দশমিক ৪ ওভারে ২৫৫ রানে অলআউট হয় সফরকারীরা। ২১ রানে সর্বশেষ ৬ উইকেট হারায় জিম্বাবুয়ে। পাকিস্তানের আফ্রিদি ৪৯ রানে ৫টি ও রিয়াজ ৪১ রানে ৪ উইকেট নেন। তবে ম্যাচ সেরা হয়েছেন জিম্বাবুয়ের টেইলর। আগামীকাল একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।








