সিপ্লাস ডেস্ক: বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ছেলে মাল্টিমোড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাফসির আউয়ালকে দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
কমিশনের পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য জানান, ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার বেলা ১১টায় তাফসির আউয়ালকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করছেন।
নিউ ইয়র্ক ও লন্ডনে একাধিক ব্যাংক হিসাব খুলে নিজের মালিকানাধীন কোম্পানির ‘কোটি কোটি টাকা লেনদেনসহ বিভিন্ন দুর্নীতির’ অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে তাফসিরকে জিজ্ঞাসাবাদ করছে দুদক।
এর আগে গত ৩১ অগাস্ট তাকে কমিশনে ডেকে নিয়ে প্রায় চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।
ওই দিন জিজ্ঞাসাবাদ শেষে তাফসির সাংবাদিকদের বলেছিলেন, “আমি দেশে ছিলাম না, লন্ডনে ছিলাম। দুদকের নোটিস পেয়ে চলে এসেছি। উনারা আমাকে অনেক বিষয়ে প্রশ্ন করেছেন, আমি উত্তরও দিয়েছি। দুদক দুদকের কাজ করে যাচ্ছে। এতে আমার কোনো অসুবিধা নেই, আপত্তিও নেই।”
লন্ডন ও যুক্তরাষ্ট্রে ব্যাংক অ্যাকাউন্ট আছে কি না জানতে চাইলে তাফসির সেদিন বলেন, “দুদকের কাছে কে অভিযোগটা দিয়েছে, বা কী কারণে অভিযোগটা এসেছে- এটা নিয়ে হয়তোবা আমার একটু অসুবিধা আছে। আমার একটা পারিবারিক ঝামেলা চলছে, এটি নিয়ে আদালতেও আছি। মনে হয় এটি (অভিযোগ) ব্যক্তিগত কারণে করেছে, সেটা হয়তো দুদক জানে না।”
এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আউয়াল মিন্টুর দ্বিতীয় ছেলে তাফসির যুক্তরাজ্যে পড়াশুনা করেন। তিনি বিয়ে করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভীর মেয়েকে।
সম্প্রতি তাদের মধ্যে বিচ্ছেদ ঘটেছে বলে পারিবারিক সূত্র জানায়। তাদের একটি মেয়ে রয়েছে। তার অভিভাবকত্ব নিয়ে মা-বাবা দুজনে লন্ডনে আদালতেরে দ্বারস্থ হয়েছেন।
তাফসিরের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে এর আগে বাংলাদেশ ব্যাংকের বিআইএফআইউ থেকে বেশ কিছু রেকর্ডপত্র চেয়ে চিঠি দিয়েছিলেন দুদকের অনুসন্ধান কর্মকর্তা।
ওই চিঠিতে আব্দুল আউয়াল মিন্টু এবং তার সন্তানদের নামে বিদেশি কোম্পানি এনএফএম এনার্জির নামে যুক্তরাজ্যের একটি ব্যাংকের লন্ডন শাখা এবং যুক্তরাষ্ট্রে দুটি ব্যাংকের নিউ ইয়র্ক ও পিটসবার্গ শাখার কয়েকটি অ্যাকাউন্টের তথ্য, থাইল্যান্ডে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট নিবন্ধন এবং লেনদেন সম্পর্কিত তথ্য এবং বারমুডায় নিবন্ধিত ‘এনএফএম এনার্জি লিমিটেড’ এর (যার শেয়ারধারী হিসেবে আব্দুল আউয়াল মিন্টু ও তার স্ত্রী নাসরিন ফাতেমা আউয়ালের নাম রয়েছে) তথ্য চাওয়া হয়।
এছাড়া সিঙ্গাপুরে যৌথ মালিকানায় নিবন্ধিত এনএফএম এনার্জিতে বিনিয়োগ সংক্রান্ত তথ্যও চাওয়া হয় বিআইএফইউতে পাঠানো চিঠিতে।
এর মধ্যে কিছু নথিপত্র ইতোমধ্যে দুদকের অনুসন্ধান কর্মকর্তার দপ্তরে জমা হয়েছে বলে এক কর্মকর্তা জানিয়েছেন।
তাফসিরের ভাই তাবিথ আউয়াল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। বিএনপির মনোনয়নে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ছিলেন তিনি। তাদের আরেক ভাইয়ের নাম তাজওয়ার আউয়াল।








