Site icon CPLUSBD.COM

আবরার হত্যার বিচার হবে দ্রুতবিচার ট্রাইব্যুনালে: আইনমন্ত্রী

আলোচিত এই মামলায় পুলিশ অভিযোগপত্র দেওয়ার পর বুধবার সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি।

আবরার হত্যাকাণ্ডের পর বুয়েট শিক্ষার্থীদের আন্দোলন থেকে দ্রুত বিচারের দাবি উঠেছিল।

দ্রুত বিচার ট্রাইব্যুনালে যে কোনো মামলা ৯০ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করার বাধ্যবাধকতা রয়েছে। ওই সময়ের মধ্যে নিষ্পত্তি করা না গেলে আরও ৪৫ দিন সময় নিতে পারে আদালত।

আবরার হত্যাকাণ্ডের ৫ সপ্তাহের মধ্যে বুয়েটেরই ২৫ ছাত্রকে আসামি করে বুধবার আদালতে অভিযোগপত্র দেয় মামলাটির তদন্ত সংস্থা গোয়েন্দা পুলিশ।

এখন বিচার শুরুর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মামলাটি দ্রুতবিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের আবেদন আসতে হবে।

দ্রুত এই বিচার শুরুর আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালও।

আইনমন্ত্রী বলেন, “এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আবেদন আসতে হয়, আবেদন আসলে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ মামলা (নিষ্পত্তি) করার জন্য আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং দ্রুততার সাথে করার জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ বিচারকার্য করব।”

বিচার শেষ হতে কত সময় লাগতে পারে- জানতে চাইলে তিনি বলেন, “দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করা হলে এ বিচার প্রথম সময় হচ্ছে ৯০ দিন, এর পরে হচ্ছে ৩০ দিন, সর্বমোট ১২০ দিনের মধ্যে বিচার সম্পন্ন না করতে  না পারলে পরে আরও ১৫ দিনের সময় আছে অর্থাৎ ১৩৫ দিনের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে।”

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যার বিচার দ্রুত শেষ করার বিষয়টি দেখিয়ে আইনমন্ত্রী বলেন, “জনগণ চেয়েছে নুসরাত হত্যাকাণ্ডের বিচার দ্রুত করার জন্য, সেটাও সম্পন্ন করা হয়েছে, এরকম অনেক বলা যাবে। এখন দায়িত্ব বর্তেছে আবরার হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করতে হবে।”