ফটিকছড়ি প্রতিনিধি: আবারো পুলিশের জালে ফটিকছড়ির মাদক সম্রাট শফিউল আজম।
শুক্রবার (২৫ জুন) দিবাগত রাতে উপজেলার নাজিরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ড ডাইনজুরী মোড় এলাকা থেকে তাকে আটক করে ফটিকছড়ি থানা পুলিশ।
সে পৌরসভার ৯ নং ওয়ার্ড হাজী রহমত সারাং প্রকাশ মওলার বাড়ির মৃত ফকির আহমদ প্রকাশ মুছার পুত্র।
পুলিশ জানায়, শুক্রবার রাতে উপজেলার নাজিরহাট পৌরসভার ডাইনজুরী এলাকায় কয়েকজন মিলে ইয়াবা বিক্রি করছে গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে অভিযান চালায় এএসআই হাবিবের নেতৃত্বে ফটিকছড়ি থানা পুলিশের একটি টিম। এ সময় দু’জন পালিয়ে গেলেও শফিউল আজমকে ২০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে পুলিশ কর্মকর্তা হাবিব বলেন, এলাকার মাদক সম্রাট শফিউল আজমকে আমরা দীর্ঘদিন ধরে খোঁজছিলাম। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাকে আটক করা হয়। মামলা দায়ের শেষে আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। আজমের বিরুদ্ধে ডাকাতিসহ পূর্বের বেশকয়েকটি মামলা রয়েছে বলে জানা গেছে।








