Site icon CPLUSBD.COM

আবারো লোহাগাড়ার ২টি ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন

ctg news

লোহাগাড়া প্রতিনিধি: লোহাগাড়ায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ফের অবৈধ ২টি ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

রোববার (৩১ জানুয়ারী) সকাল থেকে লোহাগাড়া উপজেলা সদর ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়।

গুঁড়িয়ে দেওয়া ইটভাটা দুটি হচ্ছে উপজেলা সদর ইউনিয়নের নুরুচ্ছাফা কোম্পানীর মালিকানাধীন কেএনবি ও সৈয়দ মাস্টারের মালিকানাধীন এলপিসি ইটভাটা। অভিযানে এসব ইটভাটার পরবর্তী কার্যক্রম বন্ধ রাখারও নির্দেশনা দেওয়া হয়।

অভিযানের নেতৃত্বে দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান ও পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রামের উপ-পরিচালক মুহাম্মদ জমির উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন, সাতাকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. জুলহাস উদ্দিন, র্যাব-৭ এর ডিএডি মুহাম্মদ আবদুল হক, লোহাগাড়া থানার এসআই মুহাম্মদ দেলোয়ার হোসেন, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং র‌্যাব, পুলিশ, ফায়ার সার্ভিসের বিপুল সংখ্যক সদস্য অভিযানে উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান বলেন, মহামান্য হাইকোর্টের নির্দেশে অবৈধভাবে গড়ে ওঠা ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া পরিচালিত ইটভাটায় অভিযান চালিয়ে ২টি ইটভাটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। ধারাবাহিকভাবে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটায় অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত ২১ ও ২২ ডিসেম্বর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযানে ৭টি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। ১৮ জানুয়ারিও ৩ ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়।