Site icon CPLUSBD.COM

আবারো স্থগিত এশিয়া কাপ ক্রিকেট

সিপ্লাস ডেস্ক: ভারতীয় উপমহাদেশে করোনাভাইরাস সংক্রমণের উর্ধ্বগতির কারণে আবারো স্থগিত করে দেয়া হলো এশিয়া কাপ ক্রিকেট। এবারের এশিয়া কাপ আগামী জুন মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।

গতবছরই এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। আয়োজক ছিলো পাকিস্তান। যদিও টুর্নামেন্টটির ভেন্যু ছিলো আরব আমিরাতে। কিন্তু করোনাভাইরাসের কারণে গতবছরও এশিয়া কাপটি স্থগিত করা হয়।

লঙ্কান ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা এ প্রসঙ্গে বলেন, চলমান পরিস্থিতির কারণে এ বছরের জুনে টুর্নামেন্টটি আয়োজন সম্ভব হচ্ছে না।

তিনি জানান, এই আসরটি হয়তো ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপের পর মাঠে গড়াতে পারে। কেননা বেশিরভাগ দেশই আগামী দুই বছরের সূচি নির্ধারণ করে রেখেছে।

ডি সিলভা জানান, এশিয়ান ক্রিকেট কাউন্সিল দ্রুতই এ ব্যাপারে অফিসিয়াল বিবৃতি দেবে।