নিউজটি শেয়ার করুন

আবুধাবীতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে জাতীয় শোক দিবস

এম আবদুল মান্নান, আবুধাবী প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীস্হ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে নানা কর্মসূচীর মাধ্যমে জাতীয় শোক দিবস উদযাপন করা হয়।
জাতীয় পতাকা অর্ধনমিত করণ, জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতিরজনক বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস।
শনিবার (১৫ আগস্ট) বিকাল সাড়ে পাঁচটায় বাংলাদেশ দূতাবাস মিলনায়তনে দূতালয় প্রধান মোহাম্মাদ জোবায়েদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্টদূত মোহাম্মদ আবু জাফর।
পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে মহামান্য রাষ্টপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর প্রেরিত বাণী পাঠ করেন যথাক্রমে উপ-রাষ্ট্রদূত মুহাম্মদ মিজানুর রহমান ও কাউন্সিলর মুহাম্মদ রিয়াজুল হক। এতে পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন দূতালয় প্রধান মোহাম্মাদ জোবায়েদ হোসেন।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, ইতিহাসের মহামানব দুনিয়ার নির্যাতিত-নিপীড়িত মানুষের শ্রেষ্ঠ বন্ধু, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মায়ের ভাষায় কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্য ভাষাভিত্তিক বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের বীজ রোপন করেছিলেন। সেই বীজ থেকে আজকের বাংলাদেশ। সেজন্য বঙ্গবন্ধুর জন্মদিনটির সঙ্গে বাংলাদেশের জন্মও যুক্ত হয়েছে বলেন রাষ্ট্রদূত।
আলোচনা সভায় সংযুক্ত আরব আমিরাত জনতা ব্যাংকের সিইও মুহাম্মদ আমিরুল হাসান, বাংলাদেশ স্কুলের অধ্যক্ষ মীর আনিসুল হাসান, বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তালুকদার ও প্রিয়াঙ্কা শারমিন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে দূতাবাসের শ্রম কাউন্সিলর মুহাম্মদ আবদুল আলিম মিয়া সহ সাংবাদিক এবং কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বর্তমান করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে, যথাযথ স্বাস্থ্য সতর্কতা গ্রহণ করে অনুষ্ঠান পরিচালনা করা হয়।
সবশেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে শাহাদাত বরণকারী পরিবারের সকলের রূহের মাগফেরাত ও প্রধানমন্ত্রীর দীর্ঘ হায়াত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।