নগরীর আমবাগান এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে সাড়ে ২৩ হাজার ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।
বুধবার রাতে নগরীর খুলশী থানার আমবাগান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে অতিরিক্ত উপ-কমিশনার মঈনুল ইসলাম জানিয়েছেন।
গ্রেপ্তাররা হলেন- সৈয়দ হোসেন বাদশা (২৮) ও আবু তাহের (৩২)। তাদের বাড়ি কক্সবাজারের চকরিয়ায়।
মঈনুল ইসলাম জানান, একটি ইয়াবার চালান ট্রাকে করে কক্সবাজার থেকে ঢাকায় নেওয়া হচ্ছে বলে পুলিশ সদর দপ্তর থেকে তাদের তথ্য দেওয়া হয়।
এ তথ্যের ভিত্তিতে কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি টিম আমবাগান ভাঙা পুলের কাছে মেরামতের জন্য দাঁড়িয়ে থাকা একটা মিনি ট্রাকে তল্লাশি চালায়। সেখান থেকে বাদশা ও তাহেরকে আটক করা হয়।
পরে তাদের জিজ্ঞাসাবাদে ট্রাকের ডেস্ক বোর্ড ও এয়ার ফিল্টারের ভেতরে বিশেষ কৌশলে রাখা সাড়ে ২৩ হাজার ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান এডিসি মঈনুল।

