মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা, উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে বুধবার রাতে সন্ত্রাসীদের গুলিতে নিহত রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্ট এ, ২ নম্বর কেন্দ্রে জানাজা শেষে তাকে দাফন করা হয়। জানাজায় বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়।
এর আগে, বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে লম্বাশিয়ায় অবস্থিত নিজ অফিসে একদল অস্ত্রধারী গুলি করে হত্যা করে রোহিঙ্গাদের এ নেতাকে। ৯ সন্তানের জনক ছিলেন মুহিবুল্লাহ।
১৪ এপিবিএন এর অধিনায়ক ও পুলিশ সুপার নাঈমুল হক বলেন, ‘উখিয়া লম্বাশিয়া ক্যাম্পে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি ক্যাম্পে যেকোনও বিশৃঙ্খলা ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’
জানাজায় অংশ নেওয়া রোহিঙ্গা আব্দুল হাকিম বলেন, ‘মুহিবুল্লাহর চলে যাওয়াতে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিশাল ক্ষতি হয়েছে। সেটি কখনও পূরণ হবে না। তিনি খুব ভালো মানুষ ছিলেন। রোহিঙ্গাদের অধিকারে কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন।’
আরেক রোহিঙ্গা মোহাম্মদ জমিল অশ্রু জড়িত কন্ঠে বলেন, “আমাদের মাথার উপর থেকে ছায়া সরে গেছে, আমরা তার মতো নেতা আর পাবো না”।
সম্প্রতি রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ গণমাধ্যমকে জানিয়েছিলেন, মিয়ানমারে ইউএনজি সরকার গঠন হলে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেয়া হবে। সে লক্ষ্যে ইউএনজি সরকারের সাথে একটি চুক্তিও করেন রোহিঙ্গারা। কিন্তু বুধবার মুহিবুল্লাহর সেই সকল আশা কেড়ে নেয় ঘাতকদের বুলেট।

