সিপ্লাস ডেস্ক: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, সকল আমলাদের রাস্তায় নামান। তাদের করোনা সচেতনতার কাজে ব্যবহার করুন। তাদের বসিয়ে বসিয়ে আর কতোদিন খাওয়াবেন।
বুধবার (১১ আগস্ট) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের পেট্রোবাংলার সামনে গণসচেতনতা ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, করোনা পরিস্থিতি ক্রমেই ক্ষতির দিকে যাচ্ছে। মৃত্যুর হার যা প্রকাশিত হচ্ছে তা থেকে বেশি মৃত্যু হচ্ছে। এর সঙ্গে যোগ হয়েছে ডেঙ্গু। প্রতিদিন কয়েকশত লোক হাসপাতালে ভর্তি হচ্ছে। আজকে অনেক মানুষের মশারি নাই। হাসপাতালে রোগীদের মশারি দেওয়া হয় নাই। সরকার বক্তৃতা দিচ্ছে, মিথ্যাচার করছে, একে অপরকে দোষারোপ করছে। সরকারের প্রতি অনুরোধ এই সব বাগাড়ম্বর না করে, সত্য কথাটা বলেন।
গণটিকা কার্যক্রমে বিশৃঙ্খলার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, এইভাবে করোনার বিস্তার আরো বাড়ছে।
স্কুল কলেজ খোলার আহ্বান জানিয়ে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখলে শিক্ষার্থীরা মানুষকে সচেতন করতে পারতো। আপনাদের সবচেয়ে বড় ব্যর্থতা দেশের ৫০ শতাংশ মানুষ মাস্ক পরে না। যারা পরে তারাও মুখে লাগায় না, গলায় ঝুলিয়ে রাখে।








