Site icon CPLUSBD.COM

আমিরাতের আইন কানুন মেনে ঈদের জমায়েত পরিহার করার আহবান: রাস্ট্রদূত মোহাম্মদ আবু জাফর

এম​ আবদুল মন্নান, আবুধাবী: সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাস্ট্রদূত মোহাম্মদ আবু জাফর বলেছেন, বৈশ্বিক মহামারির করোনার বিস্তাররোধে স্হানীয় আইন কানুনকে শ্রদ্ধা করে ঈদের গণজমায়েত পরিহার করতে হবে।

তিনি মঙ্গলবার (১১ মে) সিপ্লাস প্রতিনিধির সাথে একান্ত সাক্ষাতকালে প্রবাসীদের উদ্দেশ্যে এ আহবান জানান।

রমজান শেষে ঈদের প্রাক্কালে তিনি আমিরাতে কর্মরত/বসবাসরত সকল প্রবাসীদের প্রতি শুভেচ্ছা জানানোর পর সকল​ আমিরাত প্রবাসীদের করোনা বিস্তাররোধে স্বাস্হ্যবিধি মেনে চলে মাস্ক, হ্যান্ড সেনিটাইজার, নিরাপদ দূরত্ব বজায় ও ঈদের কোলাকুলি পরিহার করার কথা বলেন।

আমিরাত সরকার গণজমায়েত প্রতিরোধে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছে। ঈদ উপলক্ষে দুবাইতে পাচজনের অধিক জমায়েত নিষিদ্ধ করা হয়েছে উল্লেখ করে দেশ ও প্রবাসের পরিবারের সকল সদস্যসহ বন্ধু বান্ধবদের করোনা বিধিনিষেধ মেনে চলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি দেশের অর্থনীতির চাকাকে সচল রাখার জন্য প্রবাসীদের প্রতি অনুরোধ করেন।

আমিরাত প্রবাসীদের জন্য আবুধাবী দূতাবাস ও দুবাই কনসুলেট হতে ই-পাসপোর্ট বিতরন ও স্মার্ট কার্ড বা এনআইডি বিতরন কর্মসূচী কবে নাগাদ চালু হবার প্রসংগে​ রাস্ট্রদূত মোহাম্মদ আবু জাফের বলেন, এ বছরের জুন নাগাদ এ সেবা চালু হবার কথা থাকলেও করোনা মহামারীর জন্য কিছুটা ব্যাহত হওয়াতে এ সেবা চালু করতে বিলম্ব হয়েছে।

তিনি সকলকে একটু ধৈয্য ধরার পরামর্শ দেন এবং করোনা পরিস্হিতি কাটিয়ে উঠলে তিনি ইপাসপোর্ট, এনআইডি,জন্ম সনদের জটিলতাও নিরসনে পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

আমিরাতে নিযুক্ত রাস্ট্রদূত সকল প্রবাসী ও দেশবাসীর উত্তরোত্তর সমৃদ্ধি এবং করোনামুক্ত সুস্বাস্হ্য কামনা করে সকলকে আরেকবার ঈদের শুভেচ্ছা জানান।