Site icon CPLUSBD.COM

আমিরাতের আল আইনে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী ফয়েজ উল্লাহ’র মৃত্যু

সিপ্লাস ডেস্ক: সংযুক্ত আরব আমিরাত আল আইনে বাংলাদেশী বিশিষ্ট ব্যবসায়ী, দানবীর, কমিউনিটি ও রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব এইচ এম ফয়েজ উল্লাহ গতকাল ৯ অক্টোবর (শুক্রবার) স্থানীয় সময দুপুর ১২ টার সময হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।
বার্ধক্য জনিত সমস্যার কারণে তিনি দীর্ঘদিন ধরে আল আইনের তাওয়াম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। তিনি স্ত্রী ৩ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার এক ছেলে ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসক হিসাবে কর্মরত আছেন। মরহুম আলহাজ্ব এইচ এম ফয়েজ উল্লাহ চট্টগ্রামের হাটহাজারীর উপজেলার অন্তর্গত গড়দুয়ারা ইউনিয়নের বাসিন্দা। ব্যবসায়ীক কারনে দীর্ঘসময় ধরে তিনি স্বপরিবার নিয়ে আল আইন শহরে বসবাস করে আসছেন।
হাসপাতালের প্রশাসনিক সকল কার্যক্রম শেষে শুক্রবার বাদ মাগরিব মরহুমের নামাজে জানাজা অনুষ্টিত হয়। এবং পারিবারিক সিদ্ধান্তে আল আইনের আল ফুয়া কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।
এদিকে আলহাজ্ব এইচ এম ফয়েজ উল্লাহ’র মৃত্যুতে আরব আমিরাত প্রবাসী কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে বাংলাদেশী কমিউনিটিতে তিনি সকলের আস্তাভাজন ছিলেন। অত্যন্ত দক্ষতার সাথে মরহুম আলহাজ্ব এইচ এম ফয়েজ উল্লাহ সকল মতভেদের লোকদের মধ্যে তিনি নিজেকে একজন উচ্চ মর্যাদার ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। করোনা মহামারীর শত প্রতিবন্ধকতাকে অতিক্রম করে গতকালকে তার নামাজে জানাজায সহস্রাধিক মানুষের উপস্থিতি এইটা প্রমান করেছে।
জানাজায দলমত নির্বিশেষে কমিউনিটি, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, ব্যবসায়ী সংগঠন, প্রবাসী সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও শিক্ষকসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছে।
প্রবাসে সর্বজন শ্রদ্ধেয ব্যক্তিত্ব বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব এইচ এম ফয়েজ উল্লাহ’র মৃত্যুতে বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আল-আইন সহ প্রত্যেক প্রাদেশিক কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোকবার্তার মাধ্যমে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে গভীরভাবে সমবেদনা জ্ঞাপন করেছেন।