সিপ্লাস ডেস্ক: ওয়াজের মাধ্যমে ধর্মের অপব্যাখ্যা ও উগ্রবাদ ছড়ানোর অভিযোগে ইসলামী বক্তা মুফতি আমির হামজার ১০ দিনের রিমান্ড আবেদন করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
মঙ্গলবার (২৫ মে) তাঁকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর সংসদ ভবনে তলোয়ার নিয়ে হামলার পরিকল্পনায় শেরেবাংলা নগর থানায় করা মামলার সুষ্ঠুতদন্তের জন্য তাঁকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) পরিদর্শক কাজী মিজানুর রহমান।
ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলামের আদালতে আজ বেলা ৩টার দিকে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।
গতকাল সোমবার কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিরাভিটা গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় আমির হামজাকে।
কাউন্টার টেররিজম ইউনিট সূত্রে আরো জানা গেছে, তলোয়ার নিয়ে সংসদ ভবনে হামলা চালানোর চেষ্টায় সাকিব নামের একজনকে গত ৫ মে গ্রেপ্তার করা হয়। সাকিবকে গ্রেপ্তারের পর শেরেবাংলানগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়। ওই মামলায় সাকিবসহ আলী হাসান ও মাওলানা মাহমুদুল হাসান গুনবীকে আসামি করা হয়।
এ ছাড়া সাকিবের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে মামলার এজাহারে বলা হয়েছে, সাকিবের মোবাইল ফোনে আলী হাসান উসামা, মাহমুদুল হাসান গুনবী, আমির হামজা, হারুন ইজহার প্রমুখ ব্যক্তির উগ্রবাদ সংবলিত ভিডিও পাওয়া যায়, যা দেখে সাকিব উগ্রবাদে আসক্ত হয়।








