নিউজটি শেয়ার করুন

আমীর খসরুসহ বিএনপি নেতারা লিফটে আটকা

বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সহ দলীয় নেতারা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে প্রায় ১৫ মিনিট লিফটে আটকে ছিলেন।

সোমবার (১৮ নভেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার শিকার এনটিভি চট্টগ্রাম অফিসের স্টাফ ক্যামেরাপার্সন সুমন গোস্বামী বাংলানিউজকে বলেন, পাথরঘাটায় বিস্ফোরণে আহতদের দেখতে গিয়েছিলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী, নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, ড্যাব নেতা ডা. খুরশিদ জামিল সহ বিএনপির ১৫-২০ জন নেতা-কর্মী।

হাসপাতালের ৫ম তলার অর্থোপেডিক ওয়ার্ড থেকে ৩ নম্বর লিফটে নামার সময় নিচতলার কাছাকাছি এসে বিকট শব্দে লিফট আটকে যায়। খবর পেয়ে নিচে অপেক্ষমাণ আমীর খসরুর একান্ত সচিব মো. সেলিমসহ কর্মীরা মিলে লিফটের দরজা টেনে তাদের বাইরে নিয়ে আসেন। পরে ডা. খুরশিদ জামিল চমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আখতারুল ইসলামকে এ বিষয়ে ফোনে জানান।

লিফট অপারেটর সত্যপ্রিয় বড়ুয়ার দাবি, রাতদিন চলছে এই লিফট। যান্ত্রিক ত্রুটির কারণে এ ঘটনা ঘটতে পারে।