নিউজটি শেয়ার করুন

আরও ৮৪টি ট্রেন চালু হচ্ছে

সিপ্লাস ডেস্ক: কোভিড-১৯ মহামারীর মধ্যে আগামী ১৬ সেপ্টেম্বর নাগাদ আরও ৮৪টি ট্রেন চালু করতে যাচ্ছে রেলওয়ে।

রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফুল আলম মঙ্গলবার জানান, এই ৮৪টি ট্রেনসহ চালু ট্রেনের সংখ্যা দাঁড়াবে ২১৮টিতে। বাকী আরও ১৪৪টি মেইল ও লোকাল ট্রেন পর্যায়ক্রমে চালু হবে।

নতুন করোনাভাইরাসের বিস্তার রোধে দুই মাসের বেশি সময় বন্ধ থাকার পর গত ৩১ মে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়। ৫ সেপ্টেম্বর থেকে কোভিড-১৯ সংক্রান্ত বিধিনিষেধ কিছুটা শিথিল করে চলাচল করছে ট্রেন।

রেলপথ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৩৬২টি ট্রেনের মধ্যে স্বাভাবিক সময়ে ১০২টি আন্তঃনগর এবং বাকি ২৬০টি লোকাল, কমিউটারও মালবাহী ট্রেন চলাচল করে।

রেলপথ মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, ১২ সেপ্টেম্বর থেকে স্টেশন কাউন্টার থেকে টিকেট বিক্রি হবে।

বর্তমানে প্রতিটি ট্রেনে মোট আসন সংখ্যার ৫০ শতাংশ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। সেই অংশ থেকে ৫০ শতাংশ বিক্রি হবে কাউন্টারে। আসন সংখ্যার ২৫ শতাংশ বিক্রি হবে কাউন্টারে এবং বাকি ২৫ শতাংশ হবে অনলাইনে।

১২ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম শুরু হলেও টিকেট ইস্যুর অন্যান্য নিয়ম অপরবির্তত থাকছে।

সকাল ৮টা থেকে কাউন্টারে এবং বর্তমান নিয়ম অনুযায়ী সকাল ৬টা থেকে অ্যাপ, অনলাইন ও মোবাইলের মাধ্যমে টিকিট ইস্যু করা হবে।

মহামারীকালে অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চলছে বলে ৫০ শতাংশ টিকেট বিক্রি করা হচ্ছে না। তবে এজন্য রেলের ভাড়া বাড়ানো হয়নি।