সিপ্লাস ডেস্ক: চাঁদাবাজি ও নানান প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হওয়া হেলেনা জাহাঙ্গীরের নামে আরেকটি মামলা হয়েছে রাজধানীর পল্লবী থানায়।
শুক্রবার (৩০ জুলাই) দিনগত রাতে র্যাব-৪ এর একজন পরিদর্শক বাদী হয়ে মামলাটি দায়ের করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন আইনের ৩৫, ৫৫ ও ৭৩ ধারায় ।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান শনিবার (৩১ জুলাই) ভোরে বিষয়টি নিশ্চিত করে বলেন, এ নিয়ে র্যাব হেলেনা জাহাঙ্গীরের নামে রাজধানীর গুলশান ও পল্লবী থানায় মোট তিনটি মামলা দায়ের করে।
এর আগে হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় র্যাব রাজধানীর গুলশান থানায় আরও দুটি মামলা করে। এর মধ্যে একটি ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/২৯/৩১ ধারায় একটি মামলা এবং বিশেষ ক্ষমতা আইনে ২৫ বি এর ১(বি) ধারায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ও ২৪(খ); ২০০১ সালের বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন (সংশোধনী/২০১০) এর ৩৪ (খ); ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষন ও নিরাপত্তা) আইন এর ৩৪(খ) ধারায় অপর একটি মামলা দায়ের করে র্যাব।
মামলার পরিপ্রেক্ষিতে গ্রেফতার হেলেন জাহাঙ্গীরকে ৫ দিনের রিমান্ড আবেদন করে আদালতকে পাঠানো হয়। শুনানি শেষে আদালত হেলেনা জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত ৮টার পর হেলেনা জাহাঙ্গীরের গুলশান-২ এর ৩৬ নম্বর রোডের বাসভবনে র্যাব অভিযান শুরু করে। দীর্ঘ চার ঘণ্টা অভিযান শেষে রাত ১২টার দিকে তাকে আটক করা হয় এবং পরে র্যাব সদরদফতরে নিয়ে যাওয়া হয়।








