Site icon CPLUSBD.COM

আর কতো হামলা হলে বিশ্বনেতাদের ঘুম ভাঙবে, প্রশ্ন বুবলীর

সিপ্লাস ডেস্ক: ফিলিস্তিনের ওপর টানা ৮ম দিনের মতো ইসরাইলি বর্বর হামলায় মঙ্গলবার পর্যন্ত ২১২ জন নিহত হয়েছেন। ইসরাইলের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী।

সোমবার (১৭ মে) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুকে ছবিসংবলিত একটি পোস্ট করেন অভিনেত্রী।

বুবলী তার পোস্টে লেখেন, করোনার এই সময় যখন মানবিকতা, মহানুভবতা, ভালোবাসা, মায়া-মমতার এক নতুন পৃথিবীর ইঙ্গিত দিচ্ছে, ঠিক তখনই উল্টো এক চিত্র ফিলিস্তিনে! রমজান মাস এমনকি পবিত্র ঈদুল ফিতরের দিনে দেশটিতে নারকীয় তাণ্ডব চালিয়েছে ইসরাইলি সেনারা! ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের নৃশংসতা অতীতের সব বর্বরতাকে ছাড়িয়ে গেছে। দফায় দফায় বিমান হামলায় শিশুদের সারি সারি লাশ, মানুষের ক্ষতবিক্ষত রক্তাক্ত শরীর! উফ্, ভাবতেই গা শিওরে ওঠে।

তিনি আরো বলেন, নির্বিচারে হামলা চালিয়ে ইসরাইলিরা হত্যা করছে ফিলিস্তিনিদের। যেন পৃথিবীর বুকে জবাবদিহি চাওয়ারও কেউ নেই! এভাবে আর কতো হামলা হলে বিশ্বনেতাদের ঘুম ভাঙবে? জাগবে বিশ্ববিবেক? কবে থামবে নারকীয় এই তাণ্ডব?

বুবলী ফিলিস্তিনে নারকীয় হত্যাকাণ্ড বন্ধের আহ্বান জানান। তিনি লেখেন, বন্ধ হোক গণহত্যা। জয় হোক মানবতার। তৈরি হোক ভালোবাসার পৃথিবী।