সময়টা দুপুর। কিন্তু আকাশ দেখে বোঝার উপায় নেই কয়টা বাজে। এমন এক দিনে ঢাকার মাঠে ফ্লাডলাইট জ্বালিয়ে শুরু হয় ঢাকা প্লাটুন ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের খেলা। আলো-আঁধারের সেই ম্যাচে অধিকাংশ খেলোয়াড়কে নিষ্প্রাণ মনে হলেও জ্বলে উঠেছিলেন ইমরুল কায়েস। বাঁহাতি ব্যাটসম্যানের দারুণ ব্যাটিংয়ে ঢাকা প্লাটুনকে আরো একবার পরাজিত করল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
শুক্রবারের প্রথম ম্যাচে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৬ উইকেটে জিতেছে চট্টগ্রাম। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলটি ১২৫ রানের লক্ষ্য নিয়ে মাঠে নিয়ে ৮ বল বাকি থাকতে টার্গেট ছুঁয়ে ফেলে।
বঙ্গবন্ধু বিপিএল’র প্রথম পর্বের মতো উইকেটে সহায়তা পায়নি ব্যাটসম্যানেরা। মন্থর উইকেটে বল গ্রিপ করেছে। রানের জন্য তীব্র সংগ্রাম করতে হয়েছে ব্যাটসম্যানদের। সেখানে মুমিনুল হকের টিকে থাকার লড়াই ও শেষ সময়ে এসে ওয়াহাব রিয়াজ-মাশরাফির ঝড়ো ব্যাটিংয়ে ৯ উইকেট হারিয়ে চট্টগ্রামকে ১২৫ রানের টার্গেট ছুড়ে দেয় ঢাকা।
এদিকে চট্টগ্রামের নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দেন ইমরুল। ব্যাট হাতেও তিনি দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ক্রিজে গিয়ে একহাতে সামলিয়েছেন শুরুর কঠিন সময়। ছোট-বড় শটে তার পরিণত এক ইনিংসের সুবাদে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সেই সঙ্গে ম্যান অব দ্য ম্যাচ হন ইমরুল কায়েস।
স্কোর:
ঢাকা প্লাটুন: ১২৪/৯ (২০ ওভার)
(তামিম ২১, মুমিনুল ৩২, ওয়াহাব ২৩, মাশরাফি ১৭*; মুক্তার ৪-০-১৮-২, বার্ল ১-০-১-২)
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ১২৫/৪ (১৮.৪ ওভার) (ইমরুল ৫৪*, ওয়ালটন ২৫; মাশরাফি ৪-০-১৪-১, ওয়াহাব ৩.৪-০-১৮-২)








