নিউজটি শেয়ার করুন

আল্লামা মুফতি ইদ্রিছ রেজভীর জানাজা ও দাফন সম্পন্ন

বোয়ালখালী প্রতিনিধি: চিরনিদ্রায় শায়িত হলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের উপদেষ্টা, ওস্তাজুল ওলামা, চরণদ্বীপ রজভীয়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও নায়েবে আ’লা হযরত, প্রবীণ আলেমেদ্বীন আলহাজ্ব অধ্যক্ষ আল্লামা মুফতি মোহাম্মদ ইদ্রিছ রেজভী।

বুধবার (২৮ জুলাই) সকাল ১১টায় জানাজার নামাজ শেষে নিজ বাড়ীর সংলগ্ন মাসজিদের পাশে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

এর আগে শ্রীপুর বুড়া মসজিদের ঈদগাহ ময়দানে তার মরদেহ নেয়া হয় এবং হুজুরের মেঝ শাহজাদা আতাউল মোস্তাফা রেজভীর ইমামতিতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। সেখানে হুজুরকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন সামাজিক, রাজনৈতিক সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সকল শ্রেণী-পেশার মানুষ।

জানাজায় উপস্থিত ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা অছিউর রহমান আল কাদেরী, আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের চেয়ারম্যান কাজী মঈনুদ্দীন আশরাফী, গাউছিয়া কমিটি বাংলাদেশের যুগ্ম মহাসচিব এডভোকেট মোছাহেব উদ্দীন বখতিয়ার, আঞ্জুমানে রজভীয়া নুরিয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা আবুল কাশেম নুরী, আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের বোয়ালখালী শাখার সভাপতি অধ্যক্ষ মুফতি আব্দুর রহিম আল কাদেরী, শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ মোকারম, শ্রীপুর বুড়া মসজিদের মতোয়াল্লি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী, পৌর আওয়ামীলীগের আহ্বায়ক জহুরুল ইসলাম জহুর, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল করিম সহ আরো অনেকে।

এর আগে মঙ্গলবার ১১৫ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে নগরীর ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।