নিউজটি শেয়ার করুন

আল্লাহ ও রাসূল নিয়ে কটুক্তিকারীর গ্রেপ্তারের দাবীতে রাঙ্গুনিয়ায় বিক্ষোভ মিছিল

ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলায় আল্লাহ ও রাসূল (সা:) কে নিয়ে কটুক্তিকারী বিপ্লব চন্দ্র শুভ’র গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাঙ্গুনিয়া উপজেলা ওলামা পরিষদ। সমাবেশ থেকে বোরহান উদ্দিন উপজেলায় পুলিশের গুলিতে নিহতদের বিচারেরও দাবী জানানো হয়। অন্যাথায় আরও বৃহৎত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে সমাবেশ থেকে নেতৃবৃন্দ হুশিয়ারী দেন।

সোমবার (২১ অক্টোবর) বিকাল ৪টার দিকে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের আধুরপাড়া গ্রাম থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের লিচুবাগান, ফেরীঘাট, দোভাষীবাজার সহ প্রায় ১০ কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে শেষ হয়। পরে লিচুবাগান সিএনজি অটোরিকশা স্টেশন চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ওলামা পরিষদ সভাপতি মাওলানা ইছহাক নূর। বক্তব্য দেন মাওলানা নাজমুল আলম, নুরুল আজিম, নুরুল আমিন, গিয়াস উদ্দিন, মো. ইছমাঈল, ইসলামী আন্দোলন রাঙ্গুনিয়া শাখার সভাপতি মাওলানা হাবিব উল্লাহ, ইউনুছিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা হাবিব উল্লাহ রব্বানী, ইসলামী আন্দোলন এর সাধারণ সম্পাদক দিদার এলাহী, মাওলানা মুবিনুল হক, মুফতি জাকারিয়া, দিলদার বিন কাশেম, মাওলানা আহমদ উল্লাহ প্রমুখ।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলার ১২টি মাদ্রাসার শিক্ষক-ছাত্র সহ ২ হাজারেরও বেশি মানুষ অংশগ্রহণ করেন। নবীর অবমাননাকারী বিপ্লব শুভর গ্রেপ্তারের পাশাপাশি বাংলাদেশে ইসকন এর কার্যক্রম নিষিদ্ধের দাবী জানানো হয়। এছাড়া ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলায় হত্যাকান্ডের সাথে জড়িত প্রশাসনের দায়িত্বপ্রাপ্তদেরও গ্রেপ্তার দাবী করা হয়।

এদিকে ওলামা পরিষদের এই সমাবেশকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। সমাবেশ শেষে তাদের সাথে জরুরী বৈঠকে বসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান, রাঙ্গুনিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কালাম চৌধুরী ও রাঙ্গুনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুব মিলকী।

স্থানীয় চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর সহ ওলামা পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।