গাজী জয়নাল আবেদীন, রাউজান প্রতিনিধি: আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? কোথায় যাচ্ছেন? পুলিশের এমন নমনীয় আচরণের প্রতিত্তোরে লকডাউন অমান্য করে বের হওয়া কার, হাইচ ও অটোরিক্সার চালক ও যাত্রীরা চিকিৎসা সহ নানান অজুহাত দেখালেও তাদের কাছে করোনার বর্তমান ভয়াবহ পরিস্থিতি তুলে ধরে বাড়িতে অবস্থান করার আহ্বান জানান চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার ( রাঙ্গুনিয়া সার্কেল) আনোয়ার হোসেন শামীম ও রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন।
কোরবানির ঈদ পরবর্তী সরকারি ঘোষিত লকডাউনে ৪র্থ দিন সন্ধ্যায় রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনী ও পথেরহাটে লকডাউন বাস্তবায়নে পরিচালিত অভিযানে এমন দৃশ্যের অবতারণা ঘটে।
লকডাউন বাস্তবায়নে প্রতিদিন ভোর হতে রাত অবদি রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা, চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার ( রাঙ্গুনিয়া সার্কেল) আনোয়ার হোসেন শামীম ও রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুনসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ঝড়-বৃষ্টি, রোদ উপেক্ষা করে প্রতিনিয়ত মাঠে কাজ করে যাচ্ছেন।
তবে, সাধারণ মানুষর মাঝে লকডাউন অমন্য করার প্রবণতা দেখা যাচ্ছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যেখানে কড়াকড়ি লকডাউনও সেখানে। এমন পরিস্থিতি রাউজানের প্রধান সড়ক ও অলিগলিতে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যেখানে অবস্থান করেন সেখানে গাড়ি চলাচল ও মানুষের আনাগোনা একেবারে কমে যায়। তারা চলে গেলে বেড়ে যায় মানুষের ভিড় ও গাড়ি চলাচল।
তবে, কিছু কিছু স্থানে প্রশাসনের পাশাপাশি পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, প্যানেল মেয়র বশির উদ্দিন খান, কাউন্সিলর জসিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিন, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো. বাবুল মিয়া, ইউপি চেয়ারম্যান সরোয়ার্দি সিকদারসহ বেশ কয়েকজন জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীদের লকডাউন বাস্তবায়নে মাঠে দেখা যায়।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুসারে রাউজানে ইতোমধ্যে ২২১৪ করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে ২৭ জনের মৃত্যু হয়েছে।
চলতি জুলাই মাসে রাউজানে ব্যাপক হারে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে গেলেও আজ (২৬ জুলাই) আক্রান্ত হয়ে মাত্র ৪ জন।
তবে স্থানীয় চিকিৎসকরা জানান, চেম্বারে আসা রোগীদের মধ্যে করোনার লক্ষণ দেখা গেলেও অধিকাংশই রোগী করোনা টেস্ট না করে ঘরে চিকিৎসা নিচ্ছেন।
চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) বলেন, সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে রাউজান থানা পুলিশ রোদ,বৃষ্টি,ঝড়ের মধ্যেও মাঠে কাজ করে যাচ্ছেন। যেসব যানবাহন লকডাউন অমান্য করছেন এদের কিছু কিছুর বিরুদ্ধে সতর্কমূলক মামলা দেওয়া হচ্ছে।
অধিকাংশ ক্ষেত্রে যানবাহনের চালক, যাত্রী সহ জনসাধারণ যারা তুচ্ছ কারণে অহেতুক ঘুরাফেরা করছেন তাদের বুঝিয়ে বাড়িতে ফেরত পাঠিয়েছি।

