রাঙ্গুনিয়া প্রতিনিধি: হেফাজত ইসলাম বাংলাদেশের আমির শাহ আহমদ শফীর অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ করেছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা ওলামা পরিষদ ও তৌহিদী জনতা।
এই নিয়ে রাঙ্গুনিয়া জুড়ে হেফাজত নেতৃবৃন্দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
তার মৃত্যুর জন্য জুনায়েদ বাবু নগরী গং দায়ী বলে জানান নেতৃবৃন্দ।
তাই আল্লামা শফীর দাফনের পূর্বেই এই জোনায়েদ বাবু নগরী গংদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।
এছাড়া তার নামাজের জানাজাও রাঙ্গুনিয়ায় করার দাবী জানিয়ে লাশের দাফনও রাঙ্গুনিয়ায় করার দাবী জানান তৌহিদী নেতৃবৃন্দ।
এসব দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ উপজেলার চন্দ্রঘোনা লিচুবাগানে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি চন্দ্রঘোনা লিচুবাগান এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। ওলামা পরিষদের সাধারণ সম্পাদক নুরুল আজিমের সভাপতিত্বে বক্তব্য দেন মাওলানা নাজমুল হক, মাওলানা মো. দিলদার, মাওলানা আহামদ উল্লাহ, মাওলানা মো. সিরাজ, মাওলানা মুহাম্মদ মুবিন, মাওলানা নুরুল আমিন, মাওলানা আবু ছৈয়দ, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা মো. মামুন, মাওলানা ফয়জুর রহমান প্রমুখ।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পাখিয়ারটিলা গ্রামে ১৯১৬ সালে জন্মগ্রহণকারী শাহ আহমদ শফী মৃত্যুকালে দুই ছেলে ও তিন মেয়ে ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন শাহ আহমদ শফী। ছবির ক্যাপশনঃ রাঙ্গুনিয়ায় ওলামা পরিষদের বিক্ষোভ সমাবেশের একাংশ।








