Site icon CPLUSBD.COM

আড়াই বছর পর খালেদার সঙ্গে শীর্ষ নেতাদের মতবিনিময়

সিপ্লাস ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ প্রায় আড়াই বছর পর দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে ঈদ উপলক্ষে মতবিনিময় করলেন।

সোমবার (২৫ মে) ঈদের দিন সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত গুলশানে খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’র দোতলায় খালেদা জিয়ার সঙ্গে নেতারা মতবিনিময় করেন।

দুর্নীতি মামালায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার সাজা সরকারের নির্বাহী আদেশে ৬ মাসের জন্য স্থগিত করার পর তিনি নিজের বাসায় অবস্থান করছেন। খালেদা জিয়া মুক্ত হওয়ার পর স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে এটাই তার প্রথম সাক্ষাৎ।

বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, চলমান চরম সংকটের সময়ে যখন সামাজিক দূরত্বকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, তার মধ্যেও উনি (খালেদা জিয়া) আমাদেরকে সময় দিয়েছিলেন। আমরা পুরোপুরি নিরাপদ দূরত্ব বজায় রেখে, আমাদের নেত্রীকে নিরাপদ রাখার জন্য আপনারা লক্ষ করেছেন যে, আমরা সবাই স্পেশাল পিপিই পরে, হাতে গ্লাভস নিয়ে তার সঙ্গে দেখা করেছি।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, শারীরিক অবস্থা আমি আগেও বলেছি, উনার কোনো উন্নতি হয়নি। উন্নতির মধ্যে যেটুকু হয়েছে আগে থেকে মানসিক অবস্থাটা তার অনেক ভালো হয়েছে, শারীরিক অবস্থার তার খুব বেশি পরিবর্তন হয়নি।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।