সিপ্লাস প্রতিবেদক: ২০২০-২০২১ করবর্ষের আয়কর রিটার্ন,আপীল, ট্রাইবুনাল, হাইকোর্ট রেফারেন্সসহ আয়কর মামলার কার্যক্রমের সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছে চট্টগ্রাম কর আইনজীবী সমিতি।
বুধবার (৯ জুন) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
এতে বলা হয়, করোনা পরিস্থিতির কারণে ২০২০-২০২১ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে করদাতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ড ৩০ নভেম্বর থেকে পরিবর্তন করে ২০২০ সালের ৩১ ডিসেম্বর নির্ধারণ করেন। পরবর্তী সময় করদাতাদের আবেদনরে পরিপ্রেক্ষিতে আয়কর রিটার্ন দাখিলের জন্য সর্বশেষ সময় নির্ধারণ করা হয় ২০২১ সালের ৩০ এপ্রিল।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, করোনা পরিস্থিতিতে গত ৫ এপ্রিল থেকে সরকার পর্যায়ক্রমে দেশব্যাপী লকডাউন ঘোষণা করে। যা আগামী ১৬ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এর আগে করোনার পরিস্থিতির কারণে ২০১৯-২০২০ সালের রিটার্ন দাখিলের সময়সীমা বর্ধিত করা হয়েছিল।
সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, দেশের রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে আয়কর আইনজীবী ও ব্যবসায়ী সংগঠন সমূহের আবেদন, অনুরোধ ও প্রচেষ্টাকে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আমলে না নিয়ে উদাসীনতা ও অবহেলা দেখাচ্ছেন যা রাজস্ব পরিপন্থি কর্মকান্ড এবং হীনমন্যতাসূলভ আচরণ।
চট্টগ্রাম কর আইনজীবী সমিতির পক্ষে থেকে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীন সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মোঃ রহমাতুল মুনিম এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের এহেন কর্মকান্ড ও হীনমন্যতাসূলভ আচরণের তীব্র প্রতিবাদ জ্ঞাপন করছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সভাপতি এনায়েত উল্লাহ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ সোলাইমান, সহ সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম,মাহফুজুল হক মনি,মোঃ ওমরসহ চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সদস্যবৃন্দরা।
আয়কর কার্যক্রমের সময়সীমা বৃদ্ধি করলে রাজস্ব বৃদ্ধি পাবে আয়কর অঙ্গনে সৃষ্ট উৎকন্ঠা দূরীভূত হবে বলে মনে করছেন কর আইনজীবীরা।








