Site icon CPLUSBD.COM

বর্ষ বিদায় ও বরণ ‍উপলক্ষে সিএমপির বিশেষ নির্দেশনা

মঙ্গলবার ৩১ ডিসেম্বর ২০১৯ রাতে ইংরেজী বর্ষ বিদায় ও ২০২০ ইংরেজী বর্ষবরণ উপলক্ষে চট্টগ্রাম মহনগরীর বিভিন্ন স্থানে নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে। ইংরেজি নববর্ষ উদযাপনকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির যে কোন ধরনের আশঙ্কা রোধকল্পে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বদ্ধপরিকর। সকল অনুষ্ঠান শান্তিপূর্ণ ও নিরাপদে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃক পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

বিভিন্ন স্থানে চেকপোষ্ট স্থাপন, গীর্জা, হোটেল, ক্লাব, বিনোদন কেন্দ্রে পুলিশ মোতায়েন, টহল জোরদার, ট্রাফিক পুলিশের বিশেষ ব্যবস্থা এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।

চট্টগ্রাম মহানগরের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলার স্বার্থে সম্মানিত নাগরিকদের নিম্মলিখিত নিদের্শনাসমূহ অনুসরণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

১. রাস্তা, ফ্লাইওভার, ভবনের ছাদ এবং প্রকাশ্য স্থানে কোন ধরনের জমায়েত/সমাবেশ/উৎসব করা যাবে না।

২. উন্মুক্ত স্থানে নববর্ষ উদ্যাপন উপলক্ষে কোন ধরনের অনুষ্ঠান বা সমবেত হওয়া যাবে না বা নাচ, গান ও কোন সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না। ৩. কোথাও কোন ধরনের আতশবাজি/পট্কা ফোটানো যাবে না।

৪. রাত ২২.০০ ঘটিকার পর পতেঙ্গা সী-বীচ ও পারকি বীচ এলাকায় কাউকে অবস্থান করতে দেয়া হবে না।

৫. ৩১ শে ডিসেম্বর বিকাল ০৬.০০ ঘটিকা থেকে পরদিন সন্ধ্যা ০৬.০০ ঘটিকা পর্যন্ত সকল লাইসেন্সকৃত বার ও মদের দোকান খোলা রাখা যাবে না। ৬. উচ্চস্বরে গাড়ির হর্ণ বাজানো যাবে না।

৭. বেপরোয়া গতিতে গাড়ী বা মোটরবাইক চালানো যাবে না।

৮. আনন্দ উদ্যাপনের মধ্যে শালীনতা ও সৌহার্দ্য বজায় রাখতে হবে।

৯. মাদকদ্রব্য সেবন থেকে বিরত থাকতে হবে।

১০. সকল অনুষ্ঠানে নারীদের জন্য পৃথক ব্যবস্থা রাখতে হবে।

১১. নারীদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে।

১২. নৈতিক মূল্যবোধ পরিপন্থী কর্মকান্ড হতে বিরত থাকতে হবে।

১৩. অশোভণ আচরণ এবং বে-আইনী কার্যকলাপ হতে বিরত থাকতে হবে।

১৪. জনগণের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হয় এমন যে কোন কর্মকান্ড পরিহার করতে হবে।

১৫. ইংরেজী নববর্ষের প্রাক্কালে ৩১ ডিসেম্বর ২০১৯ সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি ২০২০ ভোর ৬টা পর্যন্ত চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন আবাসিক হোটেল, রেস্তোরাঁ, জনসমাবেশ ও উৎসবস্থলে সকল প্রকার লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র বহন না করার জন্য সংশ্লিষ্ট সম্মানিত নগরবাসীর প্রতি অনুরোধ করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপর্যুক্ত নিদের্শনা পালনে ব্যর্থ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

এছাড়া যে কোন গুরুত্বপূর্ণ ঘটনা/দুর্ঘটনা তাৎক্ষনিক সিএমপি, পুলিশ কন্ট্রোল রুম, ফোন নম্বর: ০৩১-৬৩৯০২২, ০৩১-৬৩০৩৫২, ০৩১-৬৩০৩৭৫, ০১৯৮০-৫০৫০৫০, ০১৬৭৬-১২৩৪৫৬, ০১৬৭৯-১২৩৪৫৬। হট লাইন ঃ ০১৭১৩-৩৭৩২৪৬ এবং ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস: ৯৯৯ জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

যে কোন অনাকাঙ্খিত পরিস্থিতিতে সংশ্লিষ্ট সম্মানিত নাগরিকবৃন্দকে কর্তব্যরত পুলিশ সদস্যদের সাহায্য গ্রহণের পরামর্শ দেয়া হলো। কর্তব্যরত পুলিশ সদস্যদের সহায়তা করার জন্য সম্মানিত নাগরিকদের অনুরোধ করা যাচ্ছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ইংরেজী নববর্ষ-২০২০ উদ্যাপন নির্বিঘ্ন করতে সম্মানিত নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।