সিপ্লাস ডেক্স: পাবনার ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার চলন্ত গাড়িতে বিষাক্ত দাড়াশ সাপ প্রবেশ করেছে বলে খবর পাওয়া গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাঙ্গুড়া থেকে পাবনা অভিমুখে যাওয়ার সময় পাবনা শহরের বালিয়াহালট গোরস্থানের সামনে সাপ গাড়িতে ঢুকে পড়ে। পরে এডওয়ার্ড কলেজের সামনে পাবনা ফায়ার সার্ভিসকর্মীরা সাপ উদ্ধারের অভিযান চালায়। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো উদ্ধার অভিযান চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার সফরসঙ্গীরা জানান, জেলা প্রশাসকের সঙ্গে মিটিং করতে ভাঙ্গুড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামান গাড়িতে চড়ে পাবনা অভিমুখে যাচ্ছিলেন। পথে শহরের বালিয়াহালট গোরস্থানের সামনে পৌঁছালে একটি দাড়াশ সাপ গাড়ির সামনের গ্লাসের ওপর এসে পড়ে। এতে আতঙ্কিত হয়ে পড়েন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ গাড়িতে থাকা অন্যরা। একপর্যায়ে সাপটি গাড়ির হেডলাইটের পাশের ফাঁকা দিয়ে ইঞ্জিনের ভেতরে প্রবেশ করে। এ অবস্থায় কোনোমতে গাড়ি পাবনা এডওয়ার্ড কলেজের সামনে পৌঁছালে সবাই নেমে যায়। পরে পাবনার ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যা থেকে কয়েক ঘণ্টা অভিযান চালিয়েও সাপ উদ্ধার করতে ব্যর্থ হন। সর্বশেষ রাত ১১.৫০ পর্যন্ত অভিযান চলছিল বলে জানা যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামান বলেন, পাবনা আসার পথে শহরের বালিয়াহালট গোরস্থানের সামনে সাপ গাড়িতে প্রবেশ করে। এরপর অত্যন্ত ঝুঁকি নিয়ে প্রায় এক কিলোমিটার গাড়ি চালিয়ে এডওয়ার্ড কলেজের সামনে এসে সবাই নেমে পড়ি। ফায়ার সার্ভিস কর্মীরা অভিযান চালাচ্ছেন।

