Site icon CPLUSBD.COM

ইউএনও ওয়াহিদার মাথার সেলাই কাটা হয়েছে, নাড়ছেন ডান হাত

সিপ্লাস ডেস্ক: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের মাথায় অস্ত্রোপচারের বেশিরভাগ অংশের সেলাই কাটা হয়েছে। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নিউরোসায়েন্স হাসপাতালে তার মাথার সেলাই কাটা হয়। বর্তমানে তিনি আগের চেয়ে সুস্থ, তার শরীরের অবশ থাকা ডান পাশেরও উন্নতি হয়েছে। তিনি ডান হাতের কনুই পর্যন্ত তুলতে ও নাড়তে পারছেন, তবে তিনি ডান পা নাড়াতে পারেননি বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা।

নিউরোসায়েন্স হাসপাতালের নিউরোট্রমা বিভাগের প্রধান ও ওয়াহিদার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান মোহাম্মদ জাহেদ হোসেন জানান, ইউএনও ওয়াহিদার মাথায় যে অপারেশন করা হয়েছিল, সেখানকার অধিকাংশ সেলাইগুলো শনিবার কাটা হয়েছে। অপারেশনের জায়গাগুলো এখন ভালো আছে। ওয়াহিদার শারীরিক অবস্থার উন্নতি ধারা অব্যাহত রয়েছে।

তিনি আরো জানান, ওয়াহিদার অবশ ডান হাতের কনুই পর্যন্ত অংশের উন্নতি হয়েছে। তিনি ডান হাতের কনুই পর্যন্ত তুলতে ও নাড়তে পারছেন, তবে ডান পা এখনো নাড়াতে পারেননি। তার স্বাস্থ্যগত আর কোনো জটিলতা নেই।

ওয়াহিদার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্য ও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালের যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. বদরুল আলম বলেন, আরও উন্নতির জন্য এখানে দিনে তিন-চারবার তার ফিজিওথেরাপি চলছে। ফিজিওথেরাপি করে আস্তে আস্তে হাতের অবশ অংশ স্বাভাবিক করা হয়েছে। পায়েরও ফিজিওথেরাপি চলছে। আশা করি তিনি দ্রুতই স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবেন।

প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর দিনগত রাতে ইউএনও ওয়াহিদার সরকারি বাসভবনের ভেন্টিলেটর ভেঙে বাসায় ঢুকে ওয়াহিদা ও তার বাবার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। ইউএনওর মাথায় গুরুতর আঘাত এবং তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। ইউএনওকে প্রথমে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এরপর তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়। তিনি এখন ওই হাসপাতালে চিকিৎসাধীন।