নিউজটি শেয়ার করুন

ইউএসটিসিতে ১৯ জন নার্সসহ ৩৪ কর্মচারী চাকুরিচ্যুত

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ইউএসটিসি) বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালে ৩৪ জনকে চাকুরিচ্যুত করা হয়েছে। তাদের মধ্যে ১৯ জন নার্স, ৪ জন আয়া ও ১১ জন কর্মচারী।

এ ব্যাপারে ৮ এপ্রিল হাসপাতাল কর্তৃপক্ষ স্বাক্ষরিত এক অফিস আদেশ জারি করেছে। তাতে উল্লেখ করা হয়- আগামী ৫ মে থেকে এ আদেশ কার্যকর হবে । তবে আদেশে চাকুরিচ্যুতির সুনির্দিষ্ট কোন কারণ তুলে ধরা হয়নি।

হাসপাতালের দায়িত্বশীল এক কর্মকর্তার কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ডিপ্লোমা ডিগ্রি ছাড়া কোন নার্স নিয়োগ দেয়া যাবে না বলে স্বাস্থ্য অধিদপ্তর এক আদেশ জারি করেছে। সে আদেশ অনুসারে যাদের ডিপ্লোমা ডিগ্রি নেই তাদেরকে কর্তৃপক্ষ পর্যায়ক্রমে চাকুরিচ্যুত করছে। যাদেরকে চাকুরিচ্যুত করা হয়েছে, তাদেরকে এক মাসের সময়ও দেয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের এ আদেশ বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করায় আব্দুর রহমান নামের একজন নার্স নার্সিং ইন্সটিটিউটের অধ্যক্ষ এবং নার্স সুপারিটেন্ডেন্ট মিনারা খানমকে প্রাণ নাশের হুমকি দিয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১টা ১৯ মিনিটে ০১৫৭২ ০৩৭০০৯ মোবাইল নাম্বার থেকেও পরিচয় গোপন রেখে হুমকি দেয়া হয়েছে।

আয়া এবং কর্মচারীদের চাকুরিচ্যুতি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, তাদের বয়স বেশি। ওয়ার্ড মাস্টাররা তাদের কাজে সন্তুষ্ট নয়।