সিপ্লাস প্রতিবেদক: সিডিএ কর্তৃক ইউএসটিসি’র প্রধান একাডেমিক ভবন বিনা নোটিশে ভেঙ্গে ফেলার অভিযান বন্ধ করার দাবিতে মানববন্ধন পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ মার্চ) সকাল ১০টায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (ইউএসটিসি)’র উদ্যোগে উচ্চশিক্ষার বিদ্যাপীঠ ইউএসটিসি’র প্রধান একাডেমিক ভবন বিনা নোটিশে ভেঙ্গে ফেলার অভিযান বন্ধ করার দাবিতে ইউএসটিসি’র সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থীসহ সকলের অংশ গ্রহণে ইউএসটিসি’র সম্মুখস্থ জাকির হোসেন রোডে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জাতীয় অধ্যাপক (ডা.) নুরুল ইসলাম, সেক্রেটারী জেনারেল, ইসলামিক মেডিকেল মিশন; চেয়ারম্যান, জনসেবা ফাউন্ডেশন ও প্রতিষ্ঠাতা উপাচার্য ইউএসটিসি বরাবরে আরএস দাগ নং ৫৪৪ (অংশ), ৫৪৫ (অংশ) ও ৫৪৬ (অংশ)-ভুক্ত ১.০০ (এক) একর ভূমির উপর হাসপাতাল ও ইনস্টিটিউট স্থাপনের নিমিত্তে ডিসেম্বর ১৩, ১৯৯২ খ্রিস্টাব্দে ৯৯ বছরের জন্য লীজ প্রদান করেন এবং যথাযথভাবে উক্ত সমতল-ভূমি হস্তান্তর করেন।
সিডিএ কর্তৃক অনুমোদন-প্রাপ্ত হয়ে ইউএসটিসি কর্তৃপক্ষ সিডিএ-এর অনুমোদিত নক্শা অনুযায়ী ইউএসটিসি ১৬তলা প্রধান একাডেমিক ভবন নির্মাণ ক’রে বিগত প্রায় ১৫ বছর ধরে একাডেমিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সিডিএ কর্তৃক অনুমোদিত এই ভবন ভেঙ্গে ফেলার কাজ শুরু করায় ও অব্যাহত রাখায় পুরো ভবন ধসে পড়ার সমুহ সম্ভাবনা দেখা দিয়েছে। যার কারণে একাডেমিক ভবনে স্থাপিত অত্যাধূনিক মূল্যবান গবেষণা যন্ত্রপাতি, ল্যাবসমূহ, ক্লাসরুম, সেমিনার লাইব্রেরী, শিক্ষকদের অফিস কক্ষসহ অপূরণীয় ক্ষতি সাধিত হয় এবং শিক্ষার্থীদের শিক্ষাজীবন সংকটের মুখে পতিত হয়েছে।
এই উচ্ছেদ অভিযান অনতিবিলম্বে বন্ধ করার দাবিতে ইউএসটিসি’র সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থীসহ এক মানববন্ধন অনুষ্ঠিত হয় এবং সংশ্লিষ্ট সকলের কাছে এই উচ্ছেদ অভিযান বন্ধ করার জোড় দাবি জানান।








