Site icon CPLUSBD.COM

ইউএসটিসির ভবন ভাঙায় হাইকোর্টের স্থগিতাদেশ

সিপ্লাস প্রতিবেদক: সিডিএ কর্তৃক ইউএসটিসি’র প্রধান একাডেমিক ভবন ভাঙায় স্থগিতাদেশ জারি করেছে হাইকোর্ট।

মঙ্গলবার(১৬মার্চ) সুপ্রিম কোর্টে র  হাইকোর্ট ডিভিশন এ স্থগিতাদেশ জারি করেন বলে জানিয়েছেন চট্টগ্রামের বেসরকারী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ইউএসটিসি) উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।

বুধবার (১০ মার্চ) চট্টগ্রামের বেসরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ইউএসটিসি) প্রধান একাডেমিক ভবনের একাংশ ভেঙে ফেলার কাজ শুরু করেছিল সিডিএ কর্তৃপক্ষ।

সংবাদ সম্মেলন এবং মানববন্ধনের পর হাইকোর্টের দ্বারস্থ হয়ে কিছুটা স্বস্তি পেল ইউএসটিসি ।

উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম জানান,  সিডিএ কর্তৃক ইউএসটিসি’র একাডেমিক ভবন ভাঙনরোধকল্পে ইউএসটিসি কর্তৃপক্ষ হাইকোর্টে একটি রীট আবেদন করেন ব্যারিষ্টার মুস্তাফিজুর রহমান খান।

এই আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার হাইকোর্ট ডিভিশনের বিচারকদ্বয় মুজিবুর রহমান মিয়া এবং মোঃ কামরুল হোসাইন মোল্লার বেঞ্চে শুনানিতে রুলনিশি ও স্থিতিবস্থার আদেশ জারি করেন।

এই আদেশ ১৬ মার্চ থেকে কার্যকর হবে।

উল্লেখ্য বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জাতীয় অধ্যাপক (ডা.) নুরুল ইসলাম, সেক্রেটারী জেনারেল, ইসলামিক মেডিকেল মিশন; চেয়ারম্যান, জনসেবা ফাউন্ডেশন ও প্রতিষ্ঠাতা উপাচার্য ইউএসটিসি বরাবরে আরএস দাগ নং ৫৪৪ (অংশ), ৫৪৫ (অংশ) ও ৫৪৬ (অংশ)-ভুক্ত ১.০০ (এক) একর ভূমির উপর হাসপাতাল ও ইনস্টিটিউট স্থাপনের নিমিত্তে ডিসেম্বর ১৩, ১৯৯২ খ্রিস্টাব্দে ৯৯ বছরের জন্য লীজ প্রদান করেন এবং যথাযথভাবে উক্ত সমতল-ভূমি হস্তান্তর করেন।

সিডিএ কর্তৃক অনুমোদন-প্রাপ্ত হয়ে ইউএসটিসি কর্তৃপক্ষ সিডিএ-এর অনুমোদিত নকশা অনুযায়ী ইউএসটিসি ১৬তলা প্রধান একাডেমিক ভবন নির্মাণ ক’রে বিগত প্রায় ১৫ বছর ধরে একাডেমিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সিডিএ কর্তৃক অনুমোদিত এই ভবন ভেঙ্গে ফেলার কাজ শুরু করায় ও অব্যাহত রাখায় পুরো ভবন ধসে পড়ার সমুহ সম্ভাবনা দেখা দেয়। যার কারণে একাডেমিক ভবনে স্থাপিত অত্যাধূনিক মূল্যবান গবেষণা যন্ত্রপাতি, ল্যাবসমূহ, ক্লাসরুম, সেমিনার লাইব্রেরী, শিক্ষকদের অফিস কক্ষসহ অপূরণীয় ক্ষতি সাধিত হয় এবং শিক্ষার্থীদের শিক্ষাজীবন সংকটের মুখে পতিত হয়েছে।

এই উচ্ছেদ অভিযান বন্ধ করার দাবিতে ইউএসটিসি’র সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থীসহ এক মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে।