Site icon CPLUSBD.COM

ইউটিউবে নিজের চ্যানেল খুললেন শাবনূর

ছবি: সংগৃহীত

সিপ্লাস ডেস্ক: ইউটিউবে এত দিন শাবনূরের নিজস্ব কোনো চ্যানেল ছিল না। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ইউটিউবে ‘শাবনূর’ নামে একটা চ্যানেল চালু করেছেন ঢাকার চলচ্চিত্রের একসময়ের দাপুটে এই অভিনেত্রী।

গতকাল সন্ধ্যায় শাবনূর জানান, তাঁর এই চ্যানেল চালুর ব্যাপারে বোন ঝুমুর সহযোগিতা করেছেন।

নব্বই দশকের জনপ্রিয় নায়িকা শাবনূর দীর্ঘদিন ধরে আছেন অস্ট্রেলিয়ার সিডনিতে। মাঝেমধ্যে দেশে এলেও খুব বেশি দিন থাকেন না। সেখানেই ছেলে আইজান, মা, ভাই, বোনসহ বসবাস করছেন। অনেক দিন ধরে নতুন কোনো সিনেমায় অভিনয় না করলেও শাবনূরের জনপ্রিয়তায় ভাটা পড়েনি। ভক্তদের কাছে তাঁর আবেদন আগের মতোই। শাবনূরও ভক্তদের সেই ভালোবাসা বহু দূরের দেশে বসেও অনুভব করতে পারেন। আর তাই ভক্তদের আরও কাছাকাছি থাকতে ইউটিউব চ্যানেল চালু করলেন তিনি।

সিডনি থেকে শাবনূর বলেন, ‘অনেক দিন ধরেই ভাবছিলাম একটা ইউটিউব চ্যানেল করব। শেষ পর্যন্ত করা হলো। আগেই অফিশিয়াল ফেসবুক পেজ করেছি। ইনস্টাগ্রামেও সক্রিয় আছি। আসলে এখন তো সবাই সামাজিক যোগাযোগমাধ্যমে সরব। এত দিনে এসব মাধ্যমে না থাকার কারণে অনেকেই প্রশ্ন করেছেন, আমি কেন নেই। অনেকেই আপডেট জানতে চাইতেন। এসব কারণেই সবার কাছাকাছি থাকতে আমিও সামাজিক যোগাযোগমাধ্যমে হাজির হলাম।’

১৪ সেপ্টেম্বর প্রকাশিত নিজের ইউটিউবের ভিডিওতে শাবনূর বলেন, ‘বন্ধুরা, তোমাদের সঙ্গে থাকতে চাই, তোমাদের পাশে থাকতে চাই এবং তোমাদের ভালোবাসা পেতে চাই।’

সেই সঙ্গে ভক্তদের কাছে তাঁর ছোট্ট টিমেরও পরিচয় করিয়ে দেন। সেই টিমে আছে তিনজন খুদে সদস্য। তাদের একজন শাবনূরের ছেলে আইজান।