সিপ্লাস ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি স্বতন্ত্র পরিচয়ে ঘোমটা পরে অংশ নিচ্ছে বলে মন্তব্য করেন। একই সঙ্গে বিএনপিকে ঘোমটা ছেড়ে প্রকাশ্যে দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে সৎ সাহস প্রদর্শন করার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার সকালে তার বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেন ওবায়দুল কাদের।
বিএনপির নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘বিএনপির নিরপেক্ষ সরকারের দাবিতে এক দফার আন্দোলনের রঙিন খোয়াবও অচিরেই দুঃস্বপ্নে রূপ নিবে। পরবর্তী নির্বাচনের ব্যাপারে সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।’
আবরার হত্যা নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রশ্ন রেখে বলেন, ‘তাদের শাসনামলে দলীয় একজন লোকের বিচার হয়েছে কোনো অপকর্মের জন্য? এমন কোনো নজির দেখাতে পারবেন কি?’ উল্টো শেখ হাসিনা সরকারই বিশ্বজিত ও বরগুনার রিফাত হত্যার বিচার করেছে বলে উল্লেখ করেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, ‘আবরার হত্যার সঙ্গে জড়িত প্রায় সবাই ছাত্রলীগ পরিচয়ের, কাউকে ছাড় দেওয়া হয়নি। সুতরাং অপরাধী যে দলেরই হোক না কেন তাকে বিচারের আওতায় আনতে হবে। আবরার হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ব্যবস্থা নিয়েছে এবং সাংগঠনিক ও দলীয়ভাবেও ব্যবস্থা নেওয়া হয়েছে। ‘
এ ছাড়া শেখ হাসিনা সরকার অপরাধীকে অপরাধী হিসেবেই দেখে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

