নিউজটি শেয়ার করুন

ইউরোপসহ ১২ দেশ থেকে বাংলাদেশে বিমান প্রবেশে নিষেধাজ্ঞা

সিপ্লাস ডেস্ক: ইউরোপের সব দেশসহ ১২টি দেশ থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক)। তবে যুক্তরাজ্য (ইউকে) এ নিষেধাজ্ঞার আওতায় থাকবে না।

বৃহস্পতিবার (১ এপ্রিল) বেবিচক থেকে দেওয়া এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়া ১২টি দেশ হচ্ছে- আর্জেন্টিনা, বাহরাইন, ব্রাজিল, চিলি, জর্ডান, কুয়েত, লেবানন, পেরু, কাতার, সাউথ আফ্রিকা, তুরস্ক, উরুগেয়ে।

আগামী ৩ এপ্রিল রাত ১২টা ১ মিনিট থেকে থেকে ১৮ এপ্রিল পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন বিভাগের সদস্য চৌধুরী এম জিয়া উল কবির স্বাক্ষরিত ওই সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়, এয়ারলাইন্সগুলো তালিকাভুক্ত ১২টি দেশের ট্রানজিট প্যাসেঞ্জারদের বহন করতে পারবেন তবে সংশ্লিষ্ট যাত্রীদেরকে ট্রানজিটের সময় বিমানবন্দরেই থাকতে হবে।

অন্যান্য যাত্রীদের ক্ষেত্রে ৭২ ঘণ্টা আগে করা করোনা নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলকভাবে প্রদর্শন করতে হবে এবং বাংলাদেশে আসার পর ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে।