সিপ্লাস ডেস্ক: সামাজিক ও মানবিক উন্নয়ন সংগঠন ইফেক্টিভ ক্রিয়েশন অন হিউম্যান ওপেইনিয়ন- ইকো’র উপদেষ্টা, সীতাকুণ্ডের বাসিন্দা বর্তমানে আমেরিকা প্রবাসী মোঃ হারুন গত ১১ জুন নিউইয়র্ক সময় বিকেল সাড়ে তিনটায় মাউন্ট সাইনাই হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মো.হারুনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংগঠনের সভাপতি মো. সরওয়ার আলম চৌধুরী মনি এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক রাসেল।
এক শোক বিবৃতিতে তাঁরা বলেন, মোঃ হারুন ছিলেন একজন;আপাদমস্তক মানবতাবাদী, সমাজ সচেতন ও প্রগতিশীল ব্যক্তিত্ব। তিনি কৈশোরেই প্রগতিশীল ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত হন। পরবর্তীতে চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি এবং কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। ছাত্র রাজনীতি শেষ করে তিনি সাংবাদিকতা পেশায় যুক্ত হন, এসময় তিনি সাংবাদিকতার পাশাপাশি পরিবেশ রক্ষা ও মানবাধিকার আন্দোলনেও স্বক্রীয় অংশগ্রহণ করেন। সামাজিক ও মানবিক সংগঠন ইফেক্টিভ ক্রিয়েশন অন হিউম্যান ওপেইনিয়ন- ইকো প্রতিষ্ঠার পর থেকেই তিনি উপদেষ্টা হিসেবে নিয়োজিত থেকেছেন এবং এ সংগঠনের উপদেষ্টা হিসেবে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তিনি দীর্ঘ দিন আমেরিকায় পরিবার নিয়ে বসবাস করছিলেন এবং সেখানে প্রোগ্রেসিভ ফোরাম এর প্রচার সম্পাদক ও উদীচী’র সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন।
বিবৃতিতে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন ইকো’র নেতৃবৃন্দ।
উল্লেখ্য, তিনি ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর প্রাথমিকভাবে অনেকটা সুস্থ হয়ে উঠলেও পরবর্তীতে ব্রেইন স্ট্রোক সহ শরীরে বিভিন্ন জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর বাংলাদেশ সময় রাত ১.০০ টায় ও স্থানীয় সময় বিকেল তিনটায় চিকিৎসাধীন অবস্থায় আমেরিকার সাইনাই হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শনিবার নিউইয়র্কে জানাজা শেষে নিউ জার্সিতে তাঁর দাফন অনুষ্ঠিত হওয়ার কথা।

