Site icon CPLUSBD.COM

ইজতেমায় জুমার নামাজে লাখো মানুষের ঢল

৫৪তম বিশ্ব ইজতেমার প্রথম দিনে টঙ্গীর তুরাগ তীরে জুমার নামাজ আদায় করেছেন লাখো মুসল্লি। রাজধানীসহ আশপাশের জেলা থেকেও জুমার নামাজ আদায়ের জন্য সকাল থেকে টঙ্গী আসেন মুসল্লিরা।

জুমার নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। জুমার নামাজ পড়ান মাওলানা জুবায়ের। এর আগে সকালে আম বয়ানের মধ্যে দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। শীত উপেক্ষা করেই টঙ্গীর তুরাগ তীরে হাজির হয়েছেন দেশি-বিদেশি লাখো মুসল্লি। তাবলীগের সবচেয়ে বড় জমায়েতে গত কয়েক দিন ধরেই আসছেন মুসল্লিরা। যে-যেভাবে পেরেছেন জায়গা করে নিয়েছেন ইজতেমা মাঠে।

মুসল্লিরা বলেন, আল্লাহর নির্দেশনা পালনে নিজেদের সংশোধন করতেই ইজতেমায় আসা।

এদিকে, বার্ধক্যজনিত কারণে ৪ মুসল্লির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইজতেমা কর্তৃপক্ষ।

রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব।