Site icon CPLUSBD.COM

ইটভাটা ভাঙার রণ প্রস্তুতি, না ভেঙে জরিমানা করে ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট

আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারা উপজেলায় চলছে একাধিক অবৈধ ইটভাটা। নেই কোন পরিবেশ ছাড়পত্র। বিপন্ন হচ্ছে পরিবেশ ও ফসলের মাঠ। ইটভাটা নিয়ন্ত্রণ আইনের তোয়াক্কা না করে বছরের পর বছর ওই সব ভাটা বহাল তবিয়তে ইট তৈরির কাজ অব্যাহত রেখেছে। ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগে প্রশাসন সাময়িক জরিমানা করলেও কয়েক দিনের মধ্যেই আবারও ইট পুড়ানো শুরু হয়। এবারও রণ প্রস্তুতি নিয়ে এসেও ইট ভাটা না ভেঙে জরিমানা করে রেহায় দিল শাহ মোহছেন আউলিয়া ব্রিকসকে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালে হাইকোর্টের রিট অনুযায়ী উপজেলার শাহ্ মোহছেন আউলিয়া ব্রিকসে (এম বি এম) জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াছমিনের নেতৃত্বে রণ প্রস্তুতিতে অভিযান চালিয়ে ইটভাটার মালিককে ৩ লক্ষ টাকা জরিমানা করেন। এসময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আফজারুল ইসলাম ও শেখ মুজাহিদ উপস্থিত ছিলেন।

সরেজমিন গিয়ে দেখা যায়, সকালে র‌্যাব, ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা বাহিনী ও স্কেবেটার সহ রণ প্রস্তুতি নিয়ে পরিবেশ অধিদপ্তর ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আসলেও ইটভাটা না ভেঙে জরিমানা দিয়ে ফিরে যায়৷ ইটভাটার মালিককে পরিবেশ অধিদপ্তরের বৈধ কাগজপত্র ঠিক করার তিন মাসের সুযোগ দেন।

জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াছমিন বলেন, হাইকোর্টের রিট অনুযায়ী আনোয়ারার শাহ্ মোহছেন আউলিয়া ব্রিকসে অভিযান চালানো হয়। এ সময় ইটভাটায় ইট তৈরিতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, লাইসেন্স না থাকা ও ভূমি জটিলতা থাকায় তিন লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের বৈধ কাগজপত্র ঠিক করতে ইটভাটার মালিককে তিন মাসের সময় দেওয়া হয়েছে।