রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ চ্যানেল আই ‘পরিবর্তনের নায়ক’ অ্যাওয়ার্ড পাওয়ায় সংবর্ধিত হলেন রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের গয়াল, মৎস্য ও কৃষি খামারী এরশাদ মাহমুদ। হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের ইডেন ইংলিশ স্কুলের পক্ষ থেকে এই সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া সুখবিলাস ফিসারিজ এন্ড প্ল্যানটেশনের কো-চেয়ারম্যান শাকিলা আক্তারকেও এদিন সংবর্ধনা দেওয়া হয়।
শনিবার (১৬ জানুয়ারি) বিকালে স্কুল মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে।
যেখানে অংশ নিয়েছেন বিভিন্ন স্তরের গুণী ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তব্য দেন ইডেন ইংলিশ স্কুলের প্রতিষ্ঠাতা খালেদ মাহমুদ, অধ্যক্ষ মাহনূর তাসনিম মিলি।
সংবর্ধিত অতিথির বক্তব্যে এরশাদ মাহমুদ বলেন, “বিলুপ্ত প্রজাতির গয়ালকে গৃহপালিত প্রাণিতে পরিণত করতে গত ১২ বছর ধরে পরিশ্রম করেছি। বনের এই গয়াল এখন গৃহপালিত প্রাণী হিসেবে আমি পালন করছি, যা বাংলাদেশে আমিই প্রথম।
এছাড়া গত কয়েক যুগ ধরে মৎস্য ও কৃষি খামার গড়ে তুলে চেষ্টা করেছি ব্যতিক্রমী কিছু করার এবং গ্রামঞ্চলের নিরীহ ও দরিদ্র মানুষের পাশে থাকার। ইতিপূর্বে মৎস্য ক্ষেত্রে প্রধানমন্ত্রীর হাত থেকে রাষ্ট্রিয় পুরস্কার পাওয়ার পর খামারী হিসেবে আমার কাজের প্রতি আগ্রহ আরও বেড়ে যায়। এর ফলশ্রুতিতে একে একে বিলুপ্তপ্রাণী গয়াল, বিরল প্রজাতের টং গরুসহ বিভিন্ন কৃষি খামার গড়ে তুলেছি।
এবার চ্যানেল আই কর্তৃক যে সম্মানটুকু আমি অর্জন করেছি, আশা করছি এর মাধ্যমে অধূর ভবিষ্যতে আমার কাজের পরিধি আরও বৃদ্ধি করতে সহায়ক ভূমিকা পালন করবে।”
উল্লেখ্য এবছরের ৮ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর হোটেল সোনারগাঁও-এ আনুষ্ঠানিক ভাবে চ্যানেল আই কৃষি এওয়ার্ড সম্মাননা গ্রহণ করেন এরশাদ মাহমুদ।

