ইউরোপের দেশ ইতালিতে জেঁকে বসেছে করোনাভাইরাস। গেল ২৪ ঘণ্টার দেশটিতে আরও অর্ধশতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। আক্রান্তের সংখ্যাও বাড়ছে। এরইমধ্যে আক্রান্ত হয়েছেন প্রায় ছয় হাজার মানুষ। করোনার সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় উত্তরাঞ্চলীয় লোম্বার্ডিমহ আরও ১১টি প্রদেশ অবরুদ্ধ ঘোষণা করেছে ইতালি সরকার। এসব অঞ্চলের সব জিম, সুইমিং পুল, যাদুঘর, স্কি রিসোর্টসহ কোলাহলপূর্ণ স্থানগুলো আগামী এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ইতালিতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮৮৩ জন। এর মধ্যে শনিবার নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ২০০ জন। করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৩ জনে। চীনের পর ইতালিতেই এই ভাইরাসে সর্বোচ্চ সংখ্যক লোকের মৃত্যু হয়েছে।
এদিকে ইতালির প্রধানমন্ত্রী বলেছেন, উত্তর ইতালির লম্বার্দি অঞ্চল এবং ১৪ প্রদেশে অন্তত এক কোটি ৬০ লাখ মানুষ বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রয়েছেন।
জরুরি প্রয়োজন ছাড়া সবাইকে বাড়িতে থাকতে বলা হয়েছে। যারা কোয়ারেন্টাইনের এ নিয়ম ভঙ্গ করবে, তাদের তিন মাসের কারাদণ্ড হতে পারে।
কোয়ারেন্টাইনের অংশ হিসেবে যে ব্যবস্থাগুলো নেওয়া হবে তা হলো: নাইট ক্লাব, জিম, সুইমিং পুল, মিউজিয়াম এবং স্কি রিসোর্ট বন্ধ থাকবে। রেস্তোরাঁ ও ক্যাফে খোলা থাকবে কিন্তু কাস্টোমারদের একে অপরের কাছ থেকে অন্তত এক মিটার দূরত্ব বজায় রাখতে হবে। এছাড়া, ফুটবলসহ খেলার অনুষ্ঠানগুলো সব পেছানো হয়েছে।
ইতালিকে ভাইরাস ছড়ানোর বিষয়টি নিয়ন্ত্রণে সর্বাধিক জোর দেওয়ার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও)।








