নিউজটি শেয়ার করুন

ইতালির পথে প্রধানমন্ত্রী

মঙ্গলবার সকাল পৌনে ১০টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে তিনি রওনা হন।

স্থানীয় সময় বিকাল ৪টায় রোমের ফিয়ামিসিনো বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাবেন।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রা করে প্রধানমন্ত্রীকে নিয়ে যাওয়া হবে। পার্কো দে প্রিন্সিপি গ্র্যান্ড হোটেলে। এই সফরে তিনি সেখানেই থাকবেন।

সন্ধ্যায় ওই হোটেলে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা। বুধবার সকালে রোমের ভায়া দেল এন্টারটাইড এলাকায় বাংলাদেশ দূতাবাসের চ্যান্সরি ভবন উদ্বোধন করবেন।

দুপুরে ইতালির প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে দেশটির প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তের সঙ্গে বৈঠক হবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর। তাদের আলোচনায় দ্বিপক্ষীয় বিষয়গুলোর পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো গুরুত্ব পাবে। সেখানে মধ্যাহ্নভোজেও অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন দুদিন আগে এক সংবাদ সম্মেলনে জানান, প্রধানমন্ত্রীর এই সফরে ঢাকা ও রোমের মধ্যে তিনটি চুক্তি সই হতে পারে।

প্রস্তাবিত চুক্তিগুলোর মধ্যে রয়েছে সাংস্কৃতিক বিনিময়, রাজনৈতিক আলোচনা এবং কূটনৈতিক ক্ষেত্রে সহযোগিতা।

মোমেন বলেন, “আমরা এই সফরটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করছি। কারণ এ সফরে বাংলাদেশে ইতালীয় উদ্যোক্তাদের নতুন বিনিয়োগের সন্ধান, ইতালিতে আরও বিভিন্ন পণ্য রপ্তানি এবং দক্ষ জনশক্তি রপ্তানির ক্ষেত্র অনুসন্ধান করার প্রয়াস চালানো হবে।”

বৃহস্পতিবার সকালে শেখ হাসিনা রোমান ক্যাথিলিকদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করবেন। সেদিনই তিনি রোম থেকে মিলানে যাবেন। পরদিন মিলান থেকেই দেশের উদ্দেশ্যে রওনা হবেন।