সিপ্লাস ডেস্ক: একাদশ জাতীয় সংসদের ২০২০-২১ অর্থ বছরের বাজেট অধিবেশন বুধবার (১০ জুন) বিকেল ৫ টায় শুরু হচ্ছে। এ বাজেট অধিবেশনটি স্বল্পতম দিন ও সময়ে পাশ হয়ে নাম লেখাবে ইতিহাসের পাতায়।
এ অধিবেশনকে ঘিরে করোনার সংক্রমণ রোধে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে যথাসম্ভব জনসমাগম এড়ানোর বিষয়ে জোর দেয়া হয়েছে। প্রতিদিন রোস্টার ভিত্তিতে কোরাম সংকট এড়াতে মাত্র ৭০-৮০ জন এমপিকে নিয়ে অধিবেশন চলবে।
জানা গেছে, এবারের বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৫ লাখ ৫৬ হাজার ৯৭৮ কোটি টাকা। যা চলতি অর্থবছরের চেয়ে ৫ শতাংশ বেশি। ২০১৯-২০ অর্থবছরে বাজেটের আকার ছিল ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা।
আর সংসদ সচিবালয়ের যথা সম্ভব কম কর্মকর্তা কর্মী এ অধিবেশন পরিচালনার দায়িত্বে থাকবেন। অধিবেশনে হাজির থাকবেন এমন প্রায় সব কর্মী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের করোনা টেস্ট করানো হয়েছে বলে সচিবালয় জানিয়েছে।
আর এ বাজেটে করোনায় ধ্বংস নামা অর্থনীতিকে চাঙ্গা করতে কালো টাকা সাদা করাসহ নানা সুযোগ দেয়া হবে। ঘাটতির বাজেট হিসেবে এটা যেতে পারে শীর্ষে।
২০২০-২১ অর্থবছরের বাজেট অধিবেশনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশ নেবেন। তাদের সংস্পর্শে আসতে পারেন এমন ব্যক্তিদের কোভিড-১৯ পরীক্ষার নেগেটিভ রেজাল্ট থাকতে হবে। পরীক্ষার পর থেকে তাদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
এবারের বাজেট অধিবেশনে সংসদ ভবনে উপস্থিত হয়ে কভারেজ করার সুযোগ পাচ্ছেন না সাংবাদিকরা। করোনার কারণে তাদের সংসদ টেলিভিশন দেখে সংবাদ সংগ্রহের জন্য বলেছে সংসদ সচিবালয়। কোনও বিদেশি অতিথি বা কোনও ভিজিটর পাশ ইস্যু করা হচ্ছে না।
অধিবেশন শুরু ও বাজেট পেশের দিন ছাড়া প্রতিদিন সকাল সাড়ে ১০টায় সংসদের বৈঠক বসবে। আর দেড়টা পর্যন্ত অধিবেশ চলানোর পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
ক্যালেন্ডার অনুযায়ী বুধবার (১০ জুন) বাজেট অধিবেশন শুরুর পর অধ্যাদেশ উত্থাপন হবে। তারপর আনা হবে শোক প্রস্তাব। রাজধানীর ডেমরা-দনিয়া-মাতুয়াইল আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান মোল্লা মারা গেছেন। তার মৃত্যুতে শোক প্রস্তাবের ওপর আলোচনা ও তা গ্রহণের পর সংসদের বৈঠক মুলতবি করা হবে।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় অধিবেশন শুরু হবে। এরপর বাজেট ও অর্থ বিল উত্থাপন হবে। ১২ ও ১৩ জুন সংসদের বৈঠক মুলতবি রাখা হবে। ১৪ জুন রোববার সম্পূরক বাজেটের ওপর আলোচনা। এদিন থেকে প্রতিটি কার্যদিবস সকাল সাড়ে দশটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলবে।
১৫ জুন সোমবার সম্পূরক বাজেটের ওপর আলোচনা, নির্দিষ্টকরণ সম্পূরক বিল পাস। ১৬ জুন মঙ্গলবার ও ১৭ জুন বুধবার মূল বাজেটের ওপর আলোচনা।
১৮ জুন থেকে ২১ জুন পর্যন্ত অধিবেশন মুলতবি। ২২ জুন, ২৩ জুন ও ২৪ জুন বাজেটের ওপর আলোচনা। ২৫ জুন থেকে ২৮ জুন পর্যন্ত অধিবেশন মুলতবি। ২৯ জুন বাজেটের ওপর সমাপনী আলোচনা এবং অর্থবিল পাস। ৩০ জুন মূল বাজেট, ও নির্দিষ্টকরণ বিল পাস। ৮ জুলাই অথবা ৯ জুলাই অধিবেশন সমাপ্তি।








