Site icon CPLUSBD.COM

ইত্যাদির নাতি ‘এখনো জীবিত’

ইত্যাদির নাতি শওকত আলী তালুকদার নিপু (বামে)।

ইত্যাদির নাতি শওকত আলী তালুকদার নিপু (বামে)। নিহত কৌতুক অভিনেতা মোস্তাফিজুর রহমান (ডানে)।

সিপ্লাস ডেস্ক: বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ ছাড়া অন্য কোথাও খুব একটা কাজ করেননি অভিনেতা শওকত আলী তালুকদার। ‘ইত্যাদি’র নাট্যাংশে নানা ও নানির সঙ্গে নাতি হিসেবে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। দর্শকদের কাছে তিনি নাতি হিসেবেই পরিচিত।

তার ডাক নাম নিপু। তুমুল জনপ্রিয় এই অভিনেতার মৃত্যু সংবাদ ছড়িয়েছে আজ।

সোশ্যাল মিডিয়াতে তার মৃত্যুর খবরের পোস্টে ভরে গেছে। সেসব পোস্টে বলা হচ্ছে ইত্যাদির নাতি চরিত্রে অভিনয় করা ‘মোস্তাফিজুর রহমান’ মারা গেছেন। কিন্তু এটি পুরোপুরি গুজব।

মূলত যে মোস্তাফিজুর রহমান মারা গেছে বলে দাবি করা হচ্ছে তিনি ইত্যাদির সেই বিখ্যাত নাতি নন। তিনিও ছিলেন কৌতুক অভিনেতা। তাকে দেখা গেছে হারুণ কিসিঞ্জার, চিকন আলীদের সঙ্গে অভিনয় করতে। কিছু সিনেমাতেও কাজ করেছেন মোস্তাফিজ।

তার বাড়ি জয়পুরহাটে। শ্বাসকষ্টে ভুগে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন অভিনেতা চিকন আলী।

তিনি জানান, ১০ জুন রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোস্তাফিজ। তিনি ছিলেন জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার কুসুম্বা ইউনিয়নের সারা পাড়া গ্রামের সন্তান।

বিষয়টি নিয়ে বেশ বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছেন এই অভিনেতা নিজেও। এক ভিডিওবার্তায় তিনি বলেন, ‘দর্শক আমি নিপু, আপনাদের প্রিয় নাতি। আমার ছোট ভাই পলাশের ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট করছি। গতকাল কোনো একটি অনলাইন সংবাদপত্রে খবর প্রকাশ পেয়েছে, বাংলাদেশ চলচ্চিত্রের এক নাতি মারা গেছেন। তবে আমি ইত্যাদির নাতি, আপনাদের প্রিয় নাতি এখনো জীবিত আছি। সবাই দোয়া করবেন, যেন দীর্ঘদিন আপনাদের মাঝে থাকতে পারি।’

প্রসঙ্গত, ১৯৮১ সালে ঢাকায় জন্মেছেন ‘ইত্যাদির নাতি’খ্যাত শওকত আলী তালুকদার নিপু। প্রয়াত অভিনেতা অমল বোসের সঙ্গে নাতির চরিত্রে অভিনয় করেছিলেন নিপু। অমল বোস মারা যাওয়ার পর শবনম পারভীনের সঙ্গে অভিনয় করছেন তিনি।