ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলারের নেতৃত্বে ব্যাংককে আসন্ন ইন্দো-প্যাসিফিক বিজনেস ফেরামে যোগ দিচ্ছে বাংলাদেশ প্রতিনিধি দল।
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের আয়োজনে আগামী ৪ নভেম্বর ব্যাংককে অনুষ্ঠেয় এই বৈঠকে উপস্থিত থাকবেন দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ভারপ্রাপ্ত অ্যাসিসটেন্ট সেক্রেটারি অ্যালিস ওয়েলস।
যুক্তরাষ্ট্রের দূতাবাস জানিয়েছে, বৈঠকে রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্র ও এ অঞ্চলের দেশগুলোর মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগ সুবিধা কিভাবে বাড়ানো যায় তা তুলে ধরবেন।
আলোচনায় ডিজিটাল অর্থনীতির প্রবৃদ্ধি, জ্বালানি এবং অবকাঠামো উন্নয়নের চ্যালেঞ্জসংশ্লিষ্ট বিষয়গুলোর ওপর জোর দেওয়া হবে।
বৈঠকে অংশগ্রহণকারীরা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ব্যবসার সুযোগ, বাণিজ্য সুবিধা, অবকাঠামো উন্নয়ন, অর্থায়ন, স্বচ্ছতা এবং টেকসই জ্বালানির বিষয় নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের দূতাবাস।
দূতাবাস আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠেয় ব্যাংকক বৈঠক হচ্ছে অন্যতম প্রধান বাণিজ্য সংক্রান্ত আলোচনা। যেখানে যুক্তরাষ্ট্রের গতিশীল বেসরকারি খাতের সঙ্গে অংশিদারিত্বের সুবিধা এবং সর্বোচ্চ মানের উন্নয়ন, স্বচ্ছতা এবং আইনের শাসনের গুরুত্বকে জোরালোভাবে তুলে ধরা হবে।
ইন্দো-প্যাসিফিক কৌশলে মূলত তিনটি বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। এগুলো হল- অর্থনীতি, সুশাসন এবং নিরাপত্তা।
এক পরিসংখ্যানে বলা হয়েছে, এই অঞ্চলে অবকাঠামো উন্নয়নে ২০৩০ সালের মধ্যে ২৬ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের প্রয়োজন হবে।
আর ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রেরই সবচেয়ে বেশি সরাসরি বিনিয়োগ রয়েছে।

