সিপ্লাস প্রতিবেদক: নগরীর ইপিজেড থানাধীন চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (সিইপিজেড) পাশে রেললাইন সংলগ্ন বস্তিতে আগুন লেগেছে। এ সময় ৮০ বছর বয়সী পক্ষাঘাতগ্রস্ত (প্যারালাইজড) এক বৃদ্ধ আগুনে পুড়ে মারা গেছেন।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ভোররাত ৪টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস উপসহকারী পরিচালক নিউটন দাস জানান, আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ, বন্দর, সিইপিজেড, কর্ণফুলী ইপিজেড ফায়ার স্টেশনের ৯টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
মারা যাওয়া বৃদ্ধের নাম মো. নওশের মিয়া (৭৫)। তার বাড়ি ভোলার বোরহানউদ্দিনে। পরিবারের সঙ্গে তিনি ওই বস্তিতে ভাড়া থাকতেন।
আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে বলে জানান এ কর্মকর্তা।








