নিউজটি শেয়ার করুন

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফের টুইটের পর ইরানি রাষ্ট্রদূতকে তলব করল ভারত

ভারতের দিল্লিতে উগ্র হিন্দুত্ববাদীদের তাণ্ডব নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফের টুইটের জেরে দিল্লিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলব করল ভারত।

জানাযায়, ইরানের রাষ্ট্রদূত আলী চেগিনিকে আজ সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠায় ভারত সরকার। এসময় জাভেদ জারিফ ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করেছেন উল্লেখ করে কড়া প্রতিবাদ জানানো হয়।

ভারত বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের বক্তব্য পুরোপুরি গ্রহণযোগ্যনয় বলে মনে করে ভারত।

টুইটারে এ পোস্টে জারিফ লিখেছেন, শতাব্দীর পর শতাব্দী ধরে ভারতের সঙ্গে ইরানের বন্ধুত্ব রয়েছে। ইরান ভারত সরকারের কাছে সেদেশের সব নাগরিকের কল্যাণ নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে। তিনি হত্যাকাণ্ড ও সহিংসতা বন্ধ এবং শান্তিপূর্ণ সংলাপ ও আইনের শাসনের ওপর গুরুত্বারোপ করবেন।

এর আগে সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি এক সংবাদ সম্মেলনে দিল্লিতে মুসলমানদের ওপর হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, ইরান ভারতকে ধর্মীয় সহনশীলতার দেশ হিসেবে মনে করে। এ অবস্থায় ভারতে মুসলমানদের বিরুদ্ধে সহিংসতার খবর উদ্বেগজনক।

ভারতের মুসলমানদের বিরুদ্ধে হামলায় দুঃখ প্রকাশ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ মুখপাত্র আরও বলেন, আমরা আশা করছি দ্রুতই ভারতে মুসলমানদের বিরুদ্ধে সহিংসতার অবসান ঘটবে। ভারতীয় নেতাদের বিচক্ষণতার আলোকে তেহরান এ আশা করছে।

ভারতে ধর্মীয় সহিংসতার ওপর ইরান নজর রেখেছে বলেও জানান তিনি।